জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং এ সম্পদের তথ্য গোপন করার দায়ে পটুয়াখালী-২ (বাউফল) আসনের সাবেক সাংসদ মো. শহিদুল আলম তালুকদারকে নয় বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার পটুয়াখালীর বিশেষ জেলা জজ আদালতের বিচারক বাসুদেব রায় এই আদেশ দেন। শহিদুল আলম তালুকদারের উপস্থিতিতে আদালত এই রায় দেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. লুৎফর রহমান ২০১০ সালের ২৫ এপ্রিল সদর থানায় শহিদুল আলমের বিরুদ্ধে এই মামলা করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে বলা হয়, দুদকের প্রধান কার্যালয় থেকে অনুমতি পেয়ে ২০০৯ সালের ১৩ জানুয়ারি পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয় থেকে নোটিশ জারির পরিপ্রেক্ষিতে ২১ জানুয়ারি নিজের সম্পদ বিবরণী দাখিল করেন শহিদুল আলম। এতে তিনি নিজের, স্ত্রী সালমা আলম ও ছেলে রাইয়ান আকাশের নামে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদসহ দায়-দেনার বিবরণ দেন।