বাউফলে বিদ্যুতের তারসহ একজন গ্রেপ্তার
পটুয়াখালীর বাউফল উপজেলায় বিদ্যুতের চোরাই সাবমেরিন কেব্লসহ মনির হোসেন (২৬) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে পুলিশ উপজেলার ধুলিয়া ইউনিয়নের হোসনাবাদ গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, বাউফল-ভোলা বিদ্যুৎ সরবরাহ লাইনের উপজেলার ধুলিয়া এলাকার তেঁতুলিয়া নদীর তলদেশ দিয়ে যাওয়া সাবমেরিন কেবেলর মূল্যবান তার একটি চক্র দীর্ঘদিন ধরে চুরি করে নিয়ে যাচ্ছে। চক্রটি তারের ওপরের প্লাস্টিকের আবরণ উঠিয়ে বিক্রির জন্য অন্যত্র নিয়ে যাচ্ছে এমন খবর পেয়ে শনিবার রাত পৌনে আটটার দিকে ওই গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তার চোরচক্রের সদস্য মনিরকে একটি ঘর থেকে গ্রেপ্তার করে। সেখান থেকে বিদ্যুতের বিপুল পরিমাণ চোরাই সাবমেরিন কেব্ল উদ্ধার করা হয়। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার জানান, চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে বাউফল থানায় একটি মামলা হয়েছে। ভোলা বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান বলেন, চোরচক্রের এক সদস্যকে গ্রেপ্তারের খবর পেয়েছি। দীর্ঘদিন ধরে নদীর তলদেশ থেকে সাবমেরিন কেব্ল চুরি হচ্ছে। গত ২০ মার্চ ছয়জনকে ও গত ১৮ সেপ্টেম্বর সাতজনকে আসামি করে তিনি বাউফল থানায় দুটি মামলা করেছেন।