বাউফলে বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ, অতঃপর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ধানহাট মসজিদের ঘাট এলাকা থেকে এমবি প্রি অন্তর পরিবহন নামের একটি ট্রলার থেকে ৬০ মেট্রিক টন সরকারি চাল জব্দ করা হয়েছে। গত রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে পুলিশ চালবোঝাই ওই ট্রলারটি জব্দ করে।
সরেজমিনে দেখা যায়, ওই ট্রলারের মধ্যে বিপুল পরিমাণ চালের বস্তা রয়েছে। প্রতিটি বস্তার গায়ে লেখা রয়েছে: খাদ্য অধিদপ্তরের জন্য, নিট ওজন ৫০ কেজি। মো. হিজু (৩৫) নামের ট্রলারের এক সদস্যের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁর বাড়ি ভোলার লালমোহন উপজেলার দেবিরচর ইউনিয়নের চরকচিবা গ্রামে। রোববার ভোরে লালমোহন খাদ্যগুদাম থেকে ওই চাল তাঁরা ট্রলারে উঠিয়ে বাউফল উপজেলার কালাইয়া বন্দরের দুই ব্যবসায়ীর জন্য নিয়ে আসেন। এর বেশি কিছু তিনি জানেন না। ট্রলারটিতে তখন আর কাউকে খুঁজে পাওয়া যায়নি। দুই পুলিশ সদস্য ছিলেন জব্দ করা চাল পাহারায়।
এক শ্রমিক বলেন, ‘ট্রলারটিতে চালভর্তি ১ হাজার ২০০টি বস্তা ছিল। দুই-তৃতীয়াংশ বস্তা নামানোর পর পুলিশ এসে ট্রলারটি চালসহ জব্দ করে।’ পরে ইউএনও জব্দ করা চালগুলো ছেড়ে দেওয়ার নির্দেশ দেন।
ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ওখানকার (লালমোহন) খাদ্য নিয়ন্ত্রক ও ইউএনওর সঙ্গে কথা হয়েছ। তাঁরা জানিয়েছেন, ওই চালগুলো ভোলার গুচ্ছগ্রামের আবাসন প্রকল্পের। স্থানীয় ব্যবসায়ীদের কাছে তাঁরা বিক্রি করেছেন। এ কারণে ছেড়ে দেওয়া হয়েছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন চাল ব্যবসায়ী বলেন, ‘লালমোহন খাদ্যগুদামের সরকারি চাল কালোবাজারে বিক্রি করা হয়েছে। এগুলো হলো সেই চাল।’
ভোলার তজুমদ্দিনের খাদ্য নিয়ন্ত্রক লালমোহনের অতিরিক্ত দায়িত্বে থাকা আবদুল মান্নান বলেন, ‘ওই চালগুলো লালমোহন খাদ্যগুদামের না। গতকাল (রোববার) কোনো চাল ওই গুদাম থেকে ছাড় করা হয়নি। স্থানীয় ব্যবসায়ীদের হতে পারে।’ সরকারি খাদ্যগুদামের চাল স্থানীয় ব্যবসায়ীরা কীভাবে পাবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি মাসে গুচ্ছগ্রামের ৫০০ মেট্রিক টন চাল স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়েছে। তবে রোববার কোনো চাল বিক্রি করা হয়নি।
বাউফল থানার ওসি আযম খান ফারুকী বলেন, ‘কালোবাজারে বিক্রি হওয়া সরকারি খাদ্য অধিদপ্তরের চাল খালাস হচ্ছে—এমন খবর পেয়ে ওই চালগুলো জব্দ করা হয়। পরে ইউএনওর নির্দেশে ওই চালগুলো ছেড়ে দেওয়া হয়।’