বাউফলে বেইলি সেতুর প্লেট ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল-বাকেরগঞ্জ-বরিশাল সড়কে নুরাইনপুর বাজারসংলগ্ন বিকল্প বেইলি সেতুর প্লেট গত সোমবার ভেঙে গেছে৷ এতে উপজেলা সদরসহ বরিশালের সঙ্গে দুই দিন ধরে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার সেতুটির একাধিক প্লেট ভেঙে পড়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এলজিইডি সূত্রে জানা গেছে, ১৯৯২ সালে কাবিখা প্রকল্পের আওয়তায় ওই সড়কে ২০ ফুট দৈর্ঘ্যের গার্ডার সেতু নির্মাণ করা হয়। ২০১১ সালের জুলাইয়ে প্রবল বর্ষণের কারণে সেতুটি প্রায় আট ফুট দেবে যায়। তখন সড়ক যোগাযোগ সচল রাখতে পাশে বিকল্প হিসেবে ওই বেইলি সেতুটি নির্মাণ করা হয়।
সূর্যমণি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, সেতুটির প্লেট ভেঙে যাওয়ায় কেশবপুর, কালিশুরী, কাছিপাড়া ও সূর্যমণি ইউনিয়নের কয়েক হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে৷
উপজেলা প্রকৌশলী মো. শাহজাহান ফরাজী বলেন, ‘শিগগিরই সেতুটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।’