বাউফলে ব্যবসায়ীদের ধর্মঘট অব্যাহত
চোরের উপদ্রব থেকে রক্ষা পেতে পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া চৌমুহনী বাজারের ৪৫০টি ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যবসায়ীরা তৃতীয় দিনের মতো গতকাল বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানপাট বন্ধ রেখে ধর্মঘট কর্মসূচি পালন করেছেন। এ ছাড়া গতকাল ব্যবসায়ীরা ওই বাজার এলাকার চিহ্নিত চোরদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।সমাবেশ সভাপতিত্ব করেন ওই বাজার পরিচালনা কমিটির সভাপতি জানে আলম সিকদার। সমাবেশে বক্তব্য দেন প্রভাষক মো. আবু হাসান, রফিকুল ইসলাম তালুকদার, বাবুল আক্তার, রিপন মিয়া, রিয়াজ হোসেন, শাহিন ফকির প্রমুখ।এর আগে একই দাবিতে গত সোম ও মঙ্গলবার অর্ধদিবস ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে ব্যবসায়ীরা ধর্মঘট পালন করেন। বাজার কমিটির সাধারণ সম্পাদক উজ্জ্বল আকন অভিযোগ করে বলেন, একটি চোর চক্র দুই মাসে কাছিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) তথ্যসেবাকেন্দ্রসহ ওই বাজারের কমপক্ষে ৩০টি ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি করেছে। সর্বশেষ মঙ্গলবার রাতে ওই চক্র স্থানীয় রিপন মিয়ার বাসভবনে হামলা চালায় ও গত শুক্রবার দিন-দুপুরে স্থানীয় মজিবর তালুকদারের ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মজিবর হাওলাদার ও টোকাই আরিফ নামের দুই চোরকে স্থানীয় লোকজন আটকের পর পুলিশে সোপর্দ করেন। কিন্তু চোরের মূল হোতাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার বলেন, চোর চক্রের সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।