বাউফলে ব্যাংকে টাকা নেই, গ্রাহকের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনতা ব্যাংকের পটুয়াখালীর বাউফল উপজেলা সদর শাখায় টাকা নেই। এ কারণে গ্রাহকেরা দুর্ভোগে পড়েছেন। গতকাল সোমবার সরেজমিনে উপস্থিত গ্রাহক ও ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
মো. মাসুম নামের ব্যাংকের এক গ্রাহক বলেন, ‘কোরবানির আগে আজকে (সোমবার) এই এলাকার পশুর সবচেয়ে বড় হাট বসবে। এ কারণে ভাগে পশু কেনার জন্য ব্যাংক থেকে মাত্র আট হাজার টাকা তুলতে এসেছি। কিন্তু তাও দিতে পারছে না।’
গ্রাহক আসমা বেগম বলেন, ‘দুই ঘণ্টা আগে এসেছি ছয় হাজার টাকা তুলতে। আজকে টাকা তুলতে না পারলে পশুর ভাগ পাওয়া কঠিন হয়ে যাবে।’
গতকাল দুপুরে দেখা গেছে, দুই থেকে তিন ঘণ্টা ধরে ওই ব্যাংকে অন্তত ৫০ জন গ্রাহক টাকা তোলার জন্য অপেক্ষা করছেন।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. আবদুল ওহাব গতকাল বেলা পৌনে দুইটার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গত দুই দিন পর্যন্ত গ্রাহকেরা টাকা নিচ্ছেন, জমা রাখছেন না। এ কারণেই সমস্যা হচ্ছে।’ তিনি দাবি করেন, আজ (গতকাল) বিকেলের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে।