পটুয়াখালীর বাউফল উপজেলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (প্রথম পর্যায়) আওতায় বিভিন্ন প্রকল্পের কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে জানা গেছে, এ কর্মসূচির আওতায় ২০১২ সালের সেপ্টেম্বরের শেষের দিক থেকে উপজেলার ১৪টি ইউনিয়নে ১১০টি প্রকল্পে রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ার কথা। ৪০ কর্মদিবসের মধ্যে চলতি বছরের ৩১ জানুয়ারির মধ্যে কাজ শেষ হওয়ার কথা ছিল। এতে তালিকাভুক্ত শ্রমিকের সংখ্যা তিন হাজার ৫৭৬ জন। প্রত্যেক শ্রমিকের প্রতিদিন মজুরি পাওয়ার কথা ১৭৫ টাকা। কিন্তু জমিতে পানি জমে থাকায় প্রকল্পগুলোর কাজ যথাসময়ে শুরু করা সম্ভব হয়নি। গত ২৪ ডিসেম্বর থেকে কাজ শুরু হয়। কাজ শেষ করার মেয়াদ বাড়িয়ে ১৭ ফেব্রুয়ারি করা হয়।খোঁজ নিয়ে জানা গেছে, প্রকল্পগুলোর কাজ তালিকাভুক্ত শ্রমিক দিয়ে না করে চুক্তিভিত্তিতে বাইরের শ্রমিক দিয়ে করা হয়েছে। যেসব শ্রমিক কাজ করেছেন, তাঁদের কারও নামে ব্যাংক হিসাব নেই। আর তাঁদের দিয়ে নামে মাত্র কাজ করানো হয়েছে। আবার কোথাও কাজ না করেই পিআইওর সঙ্গে যোগসাজশ করে ভুয়া শ্রমিক দেখিয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যরা অর্থ আত্মসাৎ করেছেন।জাহাঙ্গীর গাজী নামের এক শ্রমিকসর্দার বলেন, দাশাপাড়া ইউনিয়নের বিভিন্ন রাস্তার মাটির কাজ তিনি ৪০ জন শ্রমিক দিয়ে করিয়েছেন। তাঁদের কারও নামে ব্যাংক হিসাব নেই। দুই হাজার ৫০০ টাকা চুক্তিতে তাঁদের দিয়ে কাজ করানো হয়েছে। ইউনিয়নের খাজুরবাড়িয়া ৪ নম্বর ওয়ার্ডের খালের পাড় দিয়ে মুসলিমপাড়া বেইলি সেতু পর্যন্ত প্রকল্পে এক লাখ ৫৪ হাজার টাকার অনুকূলে ২২ জন শ্রমিক দিয়ে রাস্তাটি পুনর্নির্মাণ করার কথা ছিল।১৭ মার্চ সরেজমিনে দেখা গেছে, ওই প্রকল্পের কোনো কাজই করা হয়নি। কাজ না করেই এক লাখ সাত হাজার ৮০০ টাকা ভুয়া শ্রমিকের নামে করা কার্ড দিয়ে ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবদুস সালাম তুলে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, ওই কাজ অন্য জায়গায় করানো হয়েছে। কালাইয়া ইউনিয়নের শৌলা সেতুর গোড়া থেকে নসু চৌকিদারের বাড়ি পর্যন্ত রাস্তাটি মেরামতের জন্য দুই লাখ ৫২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। নামে মাত্র কাজ করে ওই প্রকল্পের পুরো টাকা তুলে নেওয়া হয়েছে। ওই ইউপির এক সদস্য বলেন, অফিস ও অন্যান্য খরচ বাবদ ৪০ শতাংশ টাকা দিতে হয়। আবার শ্রমিকের তালিকায় যাঁদের নাম রয়েছে, তাঁরা কাজ করেন না। বাইরের শ্রমিক দিয়ে চুক্তিতে মাটি কাটানো হয়েছে। তার পরও তালিকায় যাঁদের নাম রয়েছে, টাকার একটা অংশ তাঁদের দিতে হয়েছে। এ কারণেই কাজের এই করুণ অবস্থা।একইভাবে উপজেলার আদাবাড়িয়া, নওমালা, কালিশুরীসহ অধিকাংশ ইউনিয়নেই নামমাত্র কাজ করে সব অর্থ তুলে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ইউপির চেয়ারম্যান ও প্রকল্প কমিটির সভাপতিরা সঠিকভাবে কাজ করা হয়েছে বলে দাবি করেন।নাম প্রকাশ না করার শর্তে প্রকল্প কমিটির একাধিক তদারকি কর্মকর্তা বলেন, বেশির ভাগ ইউপির চেয়ারম্যান ক্ষমতাসীন দলের নেতা। তাঁরা যেভাবে চালাচ্ছেন, সেভাবেই চলছে। তাঁরা কেবল স্বাক্ষরের মালিক।উপজেলার পিআইও এস এম দেলোয়ার হোসাইন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পাশের উপজেলাগুলোর চেয়ে এই উপজেলার কাজের মান অনেক ভালো।’