বাউফলে ভিজিডির চাল বিতরণে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে ভিজিডির চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ওজনে কম দেওয়া ছাড়াও সুবিধাভোগী প্রত্যেকের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে।
ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার ইউনিয়নের চন্দ্রদ্বীপ খেয়াঘাট এলাকায় মোট ৯৫ জন দরিদ্র নারীর প্রত্যেককে চলতি বছরের জুলাই ও আগস্ট—এই দুই মাসের ৬০ কেজি করে চাল বিতরণ করা হয়। কিন্তু গতকাল সরেজমিনে সুবিধাভোগী বেশ কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রত্যেক সুবিধাভোগীর কাছ থেকে ১০০ টাকা আদায় করার পর চাল দেওয়া হচ্ছে। প্রত্যেককে চার থেকে পাঁচ কেজি করে চাল কম দেওয়া হচ্ছে। অভিযোগ রয়েছে, একাধিক ভুয়া নামে বরাদ্দ হওয়া চাল একটি মহল আত্মসাৎ করছে।
ওই ইউপির দায়িত্বে থাকা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন মিয়া অভিযোগ অস্বীকার বলেন, ‘চাল মাপার সময় আধা কেজি থেকে এক কেজি কম হতে পারে। তবে পরিবহন বাবদ কেউ কোনো টাকা নিয়েছে, এমনটা আমার জানা নেই। তালিকায় কোনো ভুয়া নাম নেই।’