বাউফলে মিছিল সভা সমাবেশ নিষিদ্ধ
পটুয়াখালীর বাউফল উপজেলা সদরে সব ধরনের মিছিল, সভা ও সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাত দিয়ে শহরে মাইকিং করা হয়।
স্থানীয় বাসিন্দা ও আওয়ামী লীগের দলীয় সূত্র জানায়, দলের দুই পক্ষের মধ্যে বিবাদের কারণে ঈদের পর থেকেই উপজেলার সর্বত্র ভয় ও আতঙ্ক বিরাজ করছে। দুই পক্ষের মধ্যে এক পক্ষে আছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, স্থানীয় সাংসদ ও চিফ হুইপ আ স ম ফিরোজের সমর্থকেরা। অন্য পক্ষে আছেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র মো. জিয়াউল হক ওরফে জুয়েলের সমর্থকেরা।
ইউএনও মোহাম্মাদ আবদুল্লাহ আল জামান বলেন, আজ (মঙ্গলবার) প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সে জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে প্রশাসনের এক কর্মকর্তা বলেন, গত কয়েক দিন মেয়র জুয়েল এবং তাঁর সমর্থিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. মজিবুর রহমান ঢাকায় ছিলেন। গতকাল মঙ্গলবার সকালে তাঁরা বাউফলে আসেন। তাঁরা মিছিল-সমাবেশ শুরু করলে পরিবেশ অশান্ত হতে পারে, সেই আশঙ্কায় সব ধরনের মিছিল ও সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।