বাউফলে মৃত দেখিয়ে প্রতিবন্ধী নারীর ভাতা বন্ধ
জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে এক প্রতিবন্ধী নারীর ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনা ঘটেছে পটুয়াখালীর বাউফল উপজেলার সমাজসেবা অধিদপ্তরে।
ওই প্রতিবন্ধী ব্যক্তির নাম মোসা. পুতুল। বয়স ২৫ বছর। জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী তিনি। হাঁটাচলা ও কথা বলতে পারেন না তিনি। তিনি উপজেলার কাছিপাড়া ইউনিয়নের কারখানা গ্রামের বাসিন্দা মো. আবদুর রাজ্জাক গাজীর মেয়ে।
আজ শনিবার দুপুরে সরেজমিন ওই বাড়িতে দেখা যায়, পুতুল শুয়ে আছেন। দেখলেই বোঝা যায়, অন্যের সহযোগিতা ছাড়া তিনি কিছুই করতে পারেন না।
পুতুলের বড় বোন মোসা. আয়েশা বলেন, ২০০৬ সাল থেকে বাংলাদেশ কৃষি ব্যাংকের কারখানা শাখার মাধ্যমে নিয়মিত ভাতা পেয়ে আসছিলেন পুতুল। সাত-আট মাসের ভাতা এক সঙ্গে উত্তোলন করতেন তিনি। গত বছরের মাঝামাঝি সময় ব্যাংকে গিয়ে জানতে পারেন, ভাতার টাকা পুতুলের হিসাব নম্বরে জমা হয়নি। তখন কেউ কেউ বলেন, অপেক্ষা করেন একসঙ্গে জমা হবে। সম্প্রতি আবার ব্যাংকে গিয়ে জানতে পারেন, টাকা জমা হয়নি। তাই বিষয়টি জানার জন্য গত বৃহস্পতিবার উপজেলা সমাজসেবা কার্যালয়ে যান তিনি। সেখানে গিয়ে দেখতে পান, ভাতাভোগীর তালিকায় পুতুল ২০১৯ সালের ১ জুলাই মারা গেছেন।
কাছিপাড়া আবদুর রশিদ মিয়া ডিগ্রি কলেজের শিক্ষক আবু হাসান ওরফে মিরন বলেন, একজন সুবর্ণ নাগরিক ও তাঁর পরিবারের সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে। যাঁরা একজন জীবিত ব্যক্তিকে মৃত বানিয়ে ভাতা বন্ধ করে দিয়েছেন, তাঁদের শাস্তি হওয়া প্রয়োজন।
স্থানীয় কাছিপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সংশ্লিষ্ট ৯ নম্বর ওয়ার্ডের সদস্য রিপন সিকদার বলেন, পুতুল জীবিত। অথচ তাঁকে মৃত দেখিয়ে ভাতা বন্ধ করে দেওয়া খুবই দুঃখজনক।
ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম তালুকদার বলেন, ‘ঘটনাটি কীভাবে হলো, বলতে পারছি না। তবে পুতুল জীবিত আছেন।’
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, ‘মারা যাওয়ার তথ্য বা নতুন প্রতিবন্ধী তালিকাভুক্তির বিষয়টি নিশ্চিত করে ইউনিয়ন ভাতা বাছাই কমিটি। যে কমিটির সভাপতি হলেন ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সবাই ওই কমিটির সদস্য। এরপরও কীভাবে এমন ভুল হয়েছে, তা আমার বোধগম্য নয়। তবে বিষয়টি জানার পর তাঁকে (পুতুল) তিন মাসের ভাতা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। খুব শিগগির বাকি ১৫ মাসের টাকা পাওয়ার ব্যবস্থা করা হবে।’