বাউফলে রহস্যজনক অগ্নিকাণ্ডে আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ইউনিয়নের সাবুপুরা গ্রামের প্রায় ৩০০ পরিবার এক মাস ধরে আগুন-আতঙ্কে প্রায়ই নির্ঘুম রাত কাটাচ্ছে। কখনো ঘরের ছাউনিতে, কখনো রান্নাঘরে, আবার কখনো ঘরের আঙিনায় রাখা খড়ের গাদায় দাউ দাউ করে হঠাৎ জ্বলে উঠছে আগুন। আগুন জ্বলার কারণ কেউ শনাক্ত করতে পারছে না। গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, গ্রামের আতঙ্কিত পরিবারগুলো ঘরের মালামাল খোলা আকাশের নিচে রেখে মানবেতর জীবন যাপন করছে। আবার কেউ কেউ বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে দোয়া, মিলাদ, পূজা-পার্বণও করা হয়েছে। ভুক্তভোগী আজম আলী আকন সাংবাদিকদের বলেন, ‘থেমে থেমে বসতঘরের এখানে-সেখানে আগুন ধরছে। আমরা গরিব মানুষ। আগুন-আতঙ্কে কামাই-রোজগার সবই বন্ধ হয়ে গেছে। সাবুপুরা বাজার থেকে মাত্র ২০০ গজ পশ্চিম-উত্তরে ১০০ গজের মধ্যে এভাবে আগুন লেগে গত এক সপ্তাহে পুড়ে ছাই হয়ে গেছে সিদ্দিক হাওলাদার, রফিক মিয়া, ফোরকান মুন্সী, মোসলেম আকন ও কালাম মিয়ার বসতঘর। স্থানীয় লোকজন জানান, ২০-২৫ দিন আগে সেলিম হাওলাদার নামের এক গাছ ব্যবসায়ী তাঁর বাড়ির পাশে ফয়জর কারিগরের বাড়ি থেকে ১১টি বিভিন্ন ধরনের গাছ কেনেন। গাছ কাটার পরের দিন থেকে তাঁর বাড়িতে প্রথম আগুনের ঘটনা ঘটে। এভাবে ছয়বার আগুন লাগলেও কীভাবে আগুনের সূত্রপাত, তা বের করা যায়নি। কখনো ঘরের বেড়া, আবার কখনো আসবাব ও পরিধেয় কাপড়চোপড়ে আগুন লাগত। বাউফল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আরিফুর রহমান ওই গ্রামে গত পাঁচ দিনে ছয়টি অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কী কারণে আগুন লাগছে তা তিনি বলতে পারছেন না। এ ধরনের ঘটনা তাঁর কাছে নতুন বলে তিনি জানান। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার জানান, রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। শিগগির তা বেরিয়ে আসবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কালাম আজাদ বলেন, কোনো কারণ ছাড়াই আগুন জ্বলে ওঠে, এটা অবিশ্বাস্য। আসল ঘটনা বের করার চেষ্টা চলছে।