বাউফলে শিক্ষক খুন, গ্রেপ্তার ৩
বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে পটুয়াখালীর বাউফল উপজেলার বাজেমহল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হরি জীবন দাস (৫৫) নিহত হয়েছেন। গত রোববার রাতে উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই রাতেই তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মমিনপুর গ্রামের শিবশংকর দাসের পরিবারের সঙ্গে একই বাড়ির নিকুল চন্দ্র দাসের জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। বিরোধপূর্ণ জমিতে নিকুল চন্দ্র দাস ঘর নির্মাণ করছিলেন। এ নিয়ে গত রোববার সন্ধ্যায় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় প্রতিবেশী হরি জীবন দাস ঘটনাস্থলে এসে দুই পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করেন।
একপর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সময় শিবশংকর দাসের পক্ষের লোকজনের লাঠির আঘাতে হরি জীবন দাস আহত হন। তাঁকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে সেখানে রাত ১২টার দিকে তিনি মারা যান। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার বলেন, ‘এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে শিবশংকর দাস, সুনির্মল দাস ও সুব্রত দাস নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।’