বাউফলে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া হায়াতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী গতকাল বুধবার সকালে বাউফল-কালাইয়া-দশমিনা সড়কে দুই ঘণ্টা অবরোধ করে। পরে তারা ওই এলাকায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।শিক্ষার্থীদের অভিযোগ, কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রের সচিব পরীক্ষা শেষে তাদের নম্বরপত্র (ওএমআর) পরিবর্তন করে দেওয়ায় ফলাফলে বিপর্যয় ঘটেছে।সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাউফল-কালাইয়া-দশমিনা সড়কের ধানেরহাট এলাকার প্রায় এক কিলোমিটার সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় তারা ওই সড়কে মানববন্ধন করে। পরে বিক্ষোভ মিছিল করে বিদ্যালয় মাঠের শহীদ মিনারে সমাবেশ করে।বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বিদ্যালয়ের মোট ৫৭ জন শিক্ষার্থী কালাইয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা দিয়েছে। কেউ তাদের প্রত্যাশিত ফলাফল পায়নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ বলেন, কেন্দ্রের সচিবের কারচুপির কারণে এ বছর কমপক্ষে ১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি। এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে।কালাইয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রের সচিব ফেরদৌসি শিরীন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি কোনো শিক্ষার্থীর অমঙ্গল কামনা করি না। একটি স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’