বাউফলে শিশু শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে ঢুকছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভবন ধসে পড়ার ভয়ে পটুয়াখালীর বাউফল উপজেলার উত্তর কালাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে ঢুকছে না। বাধ্য হয়ে শিক্ষকেরা প্রখর রোদের মধ্যে মাঠে বসিয়ে তাদের পাঠদান করাচ্ছেন।বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী জয়িতা হাওলাদার বলে, ‘ঝুঁকিপূর্ণ ভবনের নিচে চাপ পড়ে মরতে চাই না। এ কারণে বাধ্য হয়ে আমরা মাঠে ক্লাস করছি।’ চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মিনহাজুল ইসলাম বলে, ‘সাভারে রানা প্লাজা ধসে পড়ার ঘটনা টিভিতে দেখে আমরা ভয় পাইছি। তাই আমরা এ ঝুঁকিপূর্ণ ভবনে আর ক্লাস করব না।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির আহমেঞ্চদ বলেন, ‘ভবনটি ধসে পড়ার আশঙ্কায় গত বৃহস্পতিবার থেকে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে ঢুকছে না। ওই দিন সকাল পৌনে ১০টার দিকে বিদ্যালয়ের কার্যক্রম শুরু করলে পঞ্চম শ্রেণীর “ক” শাখার কক্ষে ছাদ থেকে পলেস্তারা খসে পড়ে এবং রড বেরিয়ে যায়। এতে কেউ আহত না হলেও ওই ভবনের পঞ্চম ও চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা ভবন ধসে পড়ার ভয়ে কান্নাকাটি করে বেরিয়ে যায়। অনেক শিক্ষার্থী ভয়ে বাড়ি চলে যায়। পরে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি অবহিত করে বাধ্য হয়ে মাঠে পাঠদান করাচ্ছি।’গত শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে দেখা গেছে, ঝুঁকিপূর্ণ ওই বিদ্যালয় ভবনের টাই বিম ও কলামে ফাটল দেখা দিয়েছে। ছাদের পলেস্তারা খসে পড়ে রড বেরিয়ে গেছে। ভবনের পেছনের অংশের আটটি কলাম কিছুটা হেলে গেছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এ বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৪৪২। ১৯৯৬ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনটি নির্মাণ করে। স্থানীয় লোকজনের অভিযোগ, ভবনটি নির্মাণের সময় নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে। এ কারণে ভবনটি বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।উপজেলা শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, বিষয়টি জানার পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তাদের নির্দেশে উপজেলা প্রকৌশলী ইউনুচ আলী মিয়া সরেজমিনে ভবনটি পরিদর্শন করেন। তিনি জানিয়েছেন, ভবনের বিভিন্ন কলামে ফাটল দেখা দিয়েছে। তবে ভালোভাবে মেরামত করলে আবার ভবনটি ব্যবহার করা সম্ভব হবে। তাই শিগগিরই ভবনটি মেরামতের ব্যবস্থা করে পাঠদানের উপযোগী করে তোলা হবে। উপজেলা প্রকৌশলী ইউনুচ আলী মিয়া একই কথা বলেন।