বাউফলে সংখ্যালঘুর ঘরে আগুন
পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠি গ্রামে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এক সংখ্যালঘু পরিবারের বসতঘর পুড়িয়ে দিয়েছে। গত রোববার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত তিনটার দিকে চাঁদকাঠি গ্রামের বাসিন্দা নারায়ণ চন্দ্র শীলের (৬০) বসতঘরে আগুন দেখতে পেয়ে তাঁর এক প্রতিবেশী চিৎকার শুরু করেন। এ সময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আগুনে নারায়ণের টিনের ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।
নারায়ণ চন্দ্র জানান, ঘটনার সময় তাঁরা বাড়িতে ছিলেন না। তিনি ও তাঁর স্ত্রী আলো রানী মমিনপুর গ্রামের ননী দাসের বাড়ির একটি ধর্মীয় অনুষ্ঠানে ছিলেন।
ধুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রব অভিযোগ করেন, বিএনপি-জামায়াত এ ঘটনা ঘটিয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি (একাংশ) মজিবর রহমান সিকদার অভিযোগ অস্বীকার করে বলেন, সরকারদলীয় লোকজন আগুন দিয়ে বিএনপির নেতা-কর্মীদের হয়রানি করার চেষ্টা চালাচ্ছেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার বলেন, এ ঘটনায় নারায়ণ চন্দ্র মামলা দায়ের করেছেন। ঘটনা তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।