বাউফলে সড়কের কাজ বন্ধ তিন বছর
পটুয়াখালীর বাউফল উপজেলার বিলবিলাস বন্দরের কাছে নির্মাণাধীন একটি সড়কের কাজ তিন বছর ধরে বন্ধ রয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, বিলবিলাস বন্দরের কাছে শেরেবাংলা সড়ক থেকে মৃধাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত দেড় হাজার মিটার সড়কের কার্পেটিং করার জন্য ২০০৯-১০ অর্থবছরে ৫২ লাখ ৪৭ লাখ ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। ২০১০ সালের ৮ নভেম্বর এম এস তানভির আহমেঞ্চদ নামের একজন ঠিকাদারের প্রতিষ্ঠান কার্যাদেশ পায়। ২০১১ সালের জুনের মধ্যে কাজ শেষ করার কথা ছিল।
এরপর ঠিকাদার সড়কটির পুরোনো ইট তুলে বালু ভরাটের কাজ শুরু করেন এবং এ কাজের অনুকূলে ১০ লাখ টাকা বিল তুলে কাজ বন্ধ করে দেন।
সম্প্রতি সরেজমিনে এলাকার কয়েকজন বাসিন্দা জানান, সড়কটির পুরোনো ইট তুলে প্রায় তিন বছর ধরে বালু ফেলে রাখা হয়েছে। ফলে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ এলাকার প্রায় ১০ হাজার মানুষ প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছে।
আনছার মিয়া (৬৫) বলেন, ‘আগে রিকশায় বিলবিলাস বাজারে আসা-যাওয়া করতাম। দীর্ঘদিন রাস্তায় বালু ফেলে রাখায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে হেঁটে আসা-যাওয়া করতে খুব কষ্ট হয়।’
ওই এলাকার মাসুম নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থী বলে, সড়কটি পার হয়ে নিয়মিত স্কুলে আসা-যাওয়া করতে হয়। বৃষ্টি হলে রাস্তাটি কর্দমাক্ত হয়ে যায়।
উপজেলা প্রকৌশলী ইউনুচ আলী মিয়া বলেন, নিয়ম অনুযায়ী বিল পরিশোধ করা হয়েছে। বারবার ঠিকাদারকে কাজ শেষ করার জন্য চিঠি দিয়ে তাগাদা দেওয়া হলেও তিনি কাজ শেষ করেননি। তবে শিগগির কাজ শুরু হবে এবং চলতি মাসের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ করা হবে।
এ ব্যাপারে এম এস তানভির আহমেঞ্চদ বলেন, রাস্তার জন্য প্রয়োজনীয় মাটি রাস্তার পাশ থেকে কাটার সময় স্থানীয় লোকজন বাধা দেওয়ায় কাজ বন্ধ ছিল। তবে আগামী মাসের মধ্যে কাজ শেষ করা হবে।