বাউফলে সন্ত্রাসী হামলায় আহত ২ গ্রেপ্তার ১
পটুয়াখালীর বাউফল উপজেলা শহরে সারদা নামের মাই ওয়ান কোম্পানির একটি শো-রুমে চাঁদার দাবিতে গত মঙ্গলবার দুপুরে সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। হামলায় শো-রুমের কর্মচারী লিটু ও স্থানীয় ইলিয়াস আহত হয়েছেন।পুলিশ ও আহত ব্যক্তিরা জানান, বেলা দুইটার দিকে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী বাউফল থানাসংলগ্ন বাজারে ওই শো-রুমে এসে ৫০ হাজার টাকা চাঁদা চায়। অন্যথায় ব্যবসাপ্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। এ সময় শো-রুমের কর্মচারী লিটু প্রতিবাদ করলে সন্ত্রাসীরা তাঁকে টেনেহিঁচড়ে দোকান থেকে রাস্তায় নামিয়ে লোহার রড ও পাইপ দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে জখম করে। লিটুর চিৎকারে তাঁকে রক্ষা করতে স্থানীয় যুবক ইলিয়াস এগিয়ে এলে সন্ত্রাসীরা তাঁকেও পিটিয়ে জখম করে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এসে সন্ত্রাসী রতনকে (২৭) আটক করে। তবে অন্যরা পালিয়ে যায়।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার জানান, এ ঘটনায় লিটু বাদী হয়ে একটি মামলা করেছেন। ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।