বাউফলে সন্ত্রাসী হামলায় পাঁচজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার চাঁদকাঠি গ্রামের চৌরাস্তা এলাকায় গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা এক মৎস্য ব্যবসায়ীসহ পাঁচজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে।
আহত ব্যক্তিরা হলেন মৎস্য মহিউদ্দিন হাওলাদার, আলতাফ হোসেন হাওলাদার, আলম ব্যাপারী, সোহাগ ও জলিল। তাঁদের মধ্যে মহিউদ্দিন হাওলাদারকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার ধূলিয়া ইউনিয়নের আলোকি চাঁদকাঠি গ্রামের বাসিন্দা।
মহিউদ্দিন হাওলাদার অভিযোগ করেন, চাঁদকাঠি গ্রামের মতি হাওলাদারের ছেলে মাসুদ হাওলাদার সম্প্রতি তাঁর কাছে টাকা ধার চেয়ে না পাওয়ায় ক্ষিপ্ত হন। এ কারণে মাসুদ আট-দশজন সন্ত্রাসী নিয়ে এ হামলা করেন।
তিনি বলেন, মঙ্গলবার রাতে শিকদারের বাজার থেকে টমটমে করে বাড়ি ফিরছিলেন। পথে চাঁদকাঠি গ্রামের চৌরাস্তা এলাকায় রাত সাড়ে আটটার দিকে ওই সন্ত্রাসীরা তাঁকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এ সময় তাঁকে রক্ষা করতে অন্যরা এগিয়ে এলে তাঁদেরও কুপিয়ে ও পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা চলে যায়। মাসুদ হাওলাদার বলেন, এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। বাউফল থানার ওসি নরেশ চন্দ্র কর্মকার বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।