বাউফলে সরকারি গাছ কেটে নিচ্ছেন প্রভাবশালীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার দুটি সড়কের পাশে লাগানো নানা প্রজাতির গাছ স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা কেটে নিয়ে যাচ্ছেন। উপজেলার বাউফল-দাশপাড়া-নওমালা সড়ক ও বাউফল-কালিশুরি সড়কের পাশ থেকে এসব গাছ কাটা হচ্ছে। ইতিমধ্যে ২৫টি গাছ কাটা হয়েছে।উপজেলা বন বিভাগ কার্যালয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর আগে বাউফল-দাশপাড়া-নওমালা সড়কের বাউফল বিটিসিএলের কার্যালয় থেকে পাঁচ কিলোমিটার এবং ১০-১২ বছর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাউফল-কালিশুরি সড়কের গোলাবাড়ি থেকে উত্তর দিকে সাড়ে তিন কিলোমিটার পর্যন্ত বনায়ন করে।গতকাল শুক্রবার সকালে সরেজমিনে দেখা যায়, বাউফল-দাশপাড়া-নওমালা সড়কের ল্যাংড়া মুন্সীর সেতুর উত্তর পাশে একটি রেইনট্রি ও ১৫টি চাম্বলগাছের গোড়া পড়ে আছে। খোঁজ নিয়ে জানা যায়, আওয়ামী লীগের স্থানীয় নেতা আবদুল কাদের মিয়া গাছগুলো কেটে নিয়েছেন। শ্রমিক নিয়োগ করে ৭ ফেব্রুয়ারি থেকে গাছগুলো কাটা শুরু হয়। এর আগে চলতি মাসের প্রথম সপ্তাহে বাউফল-কালিশুরি সড়কের গোলাবাড়ি ট্রলার ঘাট জামে মসজিদের উত্তর পাশ থেকে চারটি রেইনট্রি, একটি কড়ই ও দুটি মেহগনিগাছ কেটে নিয়েছেন বাউফল পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি আলী হোসেন মিয়া। এ ছাড়া ওই সড়কের কয়েকটি স্থানে বিভিন্ন প্রজাতির কমপক্ষে ১০টি গাছ কাটার জন্য ডালপালা ছেঁটে রেখেছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা।আলী হোসেন মিয়া ও আবদুল কাদের মিয়া গাছ কেটে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেন। তাঁদের দাবি, গাছগুলো তাঁরা লাগিয়েছেন।গোলাবাড়ি এলাকার আবদুল কাদের মিয়া অভিযোগ করেন, ‘অভিযোগ করলে বন কর্মকর্তারা প্রথমে গাছ কাটা বন্ধ করেন। পরে টাকার বিনিময়ে তাঁরা সরকারিভাবে লাগানো গাছ ব্যক্তিমালিকানায় লাগানো হয়েছে বলে প্রতিবেদন দেন। আর এ কৌশল অবলম্বন করে সরকারি বনায়নের গাছ কেটে উজাড় করে নিচ্ছেন প্রভাবশালী ব্যক্তিরা।’এ অভিযোগ অস্বীকার করে উপজেলা বন কর্মকর্তা চান মিয়া বলেন, ‘ল্যাংড়া মুন্সীর সেতুর উত্তর পাশের ওই গাছগুলো বন বিভাগের লাগানো গাছের পাশাপাশি। তাই সরেজমিনে গাছ কাটা বন্ধ করে দিয়েছিলাম। পরে দেখলাম, গাছগুলো ব্যক্তিমালিকানাধীন; এ কারণে আবার কাটার অনুমতি দিয়েছি।’এলজিইডির উপজেলা প্রকৌশলী ইউনুচ আলী মিয়া বলেন, যিনি গাছগুলো কেটে নিয়েছেন, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।