বাউফলে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার একটি সরকারি সড়কের পাশে লাগানো বিভিন্ন প্রজাতির গাছ স্থানীয় তিন প্রভাবশালী কেটে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গোলাবাড়ি ট্রলারঘাট জামে মসজিদের উত্তর পাশের রাস্তা থেকে এসব গাছ কাটা হচ্ছে। গত শনিবার পর্যন্ত সাতটি রেইনট্রি, একটি কড়াই ও একটি মেহগনিগাছ কাটা হয়।গতকাল সোমবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, ওই সড়কের আরও তিনটি রেইনট্রি ও একটি মেহগনিগাছ কাটার প্রস্তুতি চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক কাঠ ব্যবসায়ী জানান, কেটে নেওয়া গাছগুলোর দাম কমপক্ষে সোয়া লাখ টাকা হবে।এলাকাবাসী জানান, গত এক সপ্তাহে বাউফল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মো. আলী হোসেন মিয়া পাঁচটি রেইনট্রি, একটি কড়াই ও একটি মেহগনিগাছ কেটে নেন। তিনি আরও একটি রেইনট্রিগাছ কাটার জন্য এর ডালপালা ছেঁটে রেখেছেন। সড়কের একই জায়গা থেকে আরও দুটি রেইনট্রিগাছ কেটে নিয়েছেন স্থানীয় প্রভাবশালী আবু বক্কর ছিদ্দিক। তা ছাড়া সড়কের অপর পাশের দুটি রেইনট্রিগাছ কাটার জন্য শ্রমিক লাগিয়েছেন স্থানীয় আবদুল কাদের মৃধা নামের এক ব্যক্তি। বাউফল স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) সূত্রে জানা যায়, ১০-১২ বছর আগে ওই সড়কের দুই পাশে গোলাবাড়ি থেকে উত্তর দিকে প্রায় সাড়ে তিন কিলোমিটার পর্যন্ত এলজিইডি বনায়ন করেছে। গাছগুলো কাটতে হলে সরকারি অনুমতি লাগবে। এদিকে আলী হোসেন গাছ কাটার কথা স্বীকার করে বলেন, ‘এসব গাছ আমরাই লাগিয়েছিলাম। নিজেদের গাছ নিজেরা কেটেছি। তার পরও অনুমতির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছি।’ আবদুল কাদের ও আবু বক্করও কেটে নেওয়া গাছগুলো নিজেদের বলে দাবি করেন। এদিকে ইউএনও এ বি এম সাদিকুর রহমান বলেন, ‘এ বিষয়ে তদন্ত সাপেক্ষে উপজেলা প্রকৌশলীকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। তবে আমি কাউকে গাছ কাটার অনুমতি দিইনি।’গাছ কাটা সম্পর্কে এলজিইডির উপজেলা প্রকৌশলী ইউনুচ আলী মিয়া বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।