বাউফলে সরকারি জমিতে চলছে দোকানঘর নির্মাণ
পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের হাজীরহাট বন্দরে খাদ্যগুদামের জমি দখল করে পাকা কয়েকটি দোকানঘর নির্মাণ করা হচ্ছে। ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মো. শাহ আলম হাওলাদারের ছোট ভাই আবদুস সালাম হাওলাদার এসব দোকানঘর নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে তাঁর দাবি, পৈতৃক জমিতেই তিনি এসব করছেন। উপজেলা প্রকৌশলী মো. ইউনুচ মিয়া বলেন, ওই জমিতে (পাঁচ শতাংশ) ১৯৭৯ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) একটি খাদ্যগুদাম নির্মাণ করে। বর্তমানে ওই গুদাম পরিত্যক্ত অবস্থায় রয়েছে। সম্প্রতি আবদুস সালাম হাওলাদার নামের এক ব্যক্তি গুদামের সমঞ্চুখ ভাগের জমি দখল করে সেখানে পাকা দোকানঘর নির্মাণ করছেন। খবর পেয়ে কাজ বন্ধ করা হয়েছে এবং নির্মাণাধীন দেয়াল ভেঙে সরিয়ে নিতে বলা হয়েছে।জমি দখলের অভিযোগ অস্বীকার করে আবদুস সালাম হাওলাদার বলেন, ওই জমিতে সরকারি খাদ্যগুদাম থাকলেও জমির মালিক তাঁরা। তবে গুদামে যাওয়া-আসার জন্য পথ রাখা হয়েছে। বাউফলে সম্প্রতি যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সাদিকুর রহমান বলেন, কোনোভাবেই সরকারি জমি দখল করে কোনো প্রকার স্থাপনা নির্মাণ করা যাবে না। অবৈধভাবে কেউ নির্মাণ করে থাকলে উচ্ছেদ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।