বাউফলে সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামে গতকাল শনিবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে মো. কাওছার শিকদার (৩৩) নামের তিন বছরের দণ্ডপ্রাপ্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তিনি পশ্চিম ভরিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী পদে চাকরি করেন।
এর আগে শুক্রবার রাতে বাউফল পৌরসভার মাধ্যমিক বিদ্যালয় সড়ক এলাকায় পুলিশ অভিযান চালিয়ে বাসু দেব (৫০) ও স্মৃতি রানী (১৮), ছাত্রলীগকর্মী মো. শুভ (২০), মো. হিরু মোল্লা (২১) ও মো. মশিউর (১৮)
নামের পাঁচ মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেপ্তার করেছে। এর আগেও দুই কেজি গাঁজাসহ গ্রেপ্তার হন মাদক ব্যবসায়ী বাসু দেব। তখনো তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়, যা বিচারাধীন। পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।
বিদ্যালয় ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, তথ্য গোপন করে ক্ষমতাসীন দলের প্রভাব বিস্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি কাওছার ২০১৫ সালের ১০ ফেব্রুয়ারি দপ্তরি কাম প্রহরী পদে চাকরি পান। তাঁর বাবা মো. জাহাঙ্গীর হোসেন শিকদার কেশবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
ওই বিদ্যালয়ের তৎকালীন ব্যবস্থাপনা কমিটির সভাপতি আসাদুল হক জুয়েল বলেন, ‘ক্ষমতাসীন দলের প্রভাবের কারণে নিয়োগ কর্তৃপক্ষ কাওছারকে চাকরি দিতে বাধ্য হয়েছে। তা ছাড়া দণ্ডিত হওয়ার বিষয়টি তাঁদের জানা ছিল না।’
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকী সত্যতা নিশ্চিত করে বলেন, কাওছারকে গাঁজাসহ চাঁদপুর মডেল থানা-পুলিশ গ্রেপ্তার করে। তখন তাঁর বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। ওই মামলায় ২০১১ সালে আদালত তাঁকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন। এত দিন তিনি পলাতক ছিলেন।