বাউফলে সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থিত ও ‘বিদ্রোহী’ চেয়ারম্যান পদপ্রার্থী সুষ্ঠু নির্বাচন হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন। আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকেরা বিএনপির কর্মী-সমর্থকদের ওপর হামলা চালাচ্ছেন, ভোটারদের ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য হুমকি দিচ্ছেন এবং ভোটে কারচুপি করার পরিকল্পনা করছেন।

আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে ক্ষমতাসীন দলের চিফ হুইপ আ স ম ফিরোজ এলাকায় অবস্থান করে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। বিএনপির ‘বিদ্রোহী’ চেয়ারম্যান প্রার্থী তসলিম তালুকদার গতকাল শনিবার বিএনপির সাবেক সাংসদ শহিদুল আলম তালুকদারের বাসভবনে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেছেন।

 তসলিম তালুকদার অভিযোগ করেন, চিফ হুইপ আ স ম ফিরোজ এলাকায় থেকে নির্বাচনে প্রভাব বিস্তার করছেন। তাঁর প্রভাবের কারণেই সরকার-দলীয় ক্যাডাররা কোনো কিছুর তোয়াক্কা করছেন না। তাদের হামলা ও হুমকি-ধমকির কারণে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করতে পারেননি। ইতিমধ্যে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পক্ষে সিল মারার জন্য উপজেলার ১০৮টি ভোটকেন্দ্রে কমিটি গঠন করে দেওয়া হয়েছে। তবে নির্বাচনে প্রভাব বিস্তার করার অভিযোগ অস্বীকার করেছেন আ স ম ফিরোজ।

বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শহীদুর রহমান বলেন, ‘যেভাবে সরকারদলীয় ক্যাডাররা সাধারণ ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে, তাতে ভোটাররা ভোটকেন্দ্রে গিয়ে তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন বলে আমার মনে হয় না।’ একই কথা বলেন জামায়াত-সমর্থিত ভাইস চেয়ারম্যান প্রার্থী আবদুর রশিদ।

হামলা চালানো ও ভয়ভীতি দেখানোর অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মজিবুর রহমান। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম সাদিকুর রহমান জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটারদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।