বাউফলে সেতু ভেঙে খালে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের পশ্চিম বটকাজল গ্রামে জয়বাংলা খালের ওপর নির্মিত লোহার সেতুটি গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভেঙে খালে পড়ে যায়। এতে দুই শিশু শিক্ষার্থী, এক নারীসহ অন্তত ১৫ জন আহত হন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় সচীন মণ্ডলসহ ছয়-সাতজন আলুবোঝাই একটি ভ্যান নিয়ে ওই সেতুর ওপর দিয়ে যাচ্ছিলেন। এ সময় সেতুটি ভেঙে খালের মধ্যে পড়ে যায়। এতে সেতুর ওপরে থাকা অন্তত ১৫ ব্যক্তি খালে পড়ে আহত হন। পরে তাঁদের উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
আহত ব্যক্তিদের মধ্যে নিরাশা রানী, সচীন মণ্ডল, লিটন চন্দ্র হাওলাদার, সুধীর চন্দ্র হাওলাদার, নেপাল চন্দ্র মণ্ডল, সমীর চন্দ্র হাওলাদার, সুবল হাওলাদার, সবুজ মণ্ডল, সুবল মাঝি, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সাথী রানী, এসএসসি পরীক্ষার্থী গোপাল মণ্ডলসহ অন্তত ১৫ জন রয়েছেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাউফল কার্যালয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০১১-২০১২ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় ৬৫ হাজার টাকা ব্যয়ে খালেক বিশ্বাস এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান সেতুটি মেরামত করে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মামুন বিশ্বাসের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তাঁকে পাওয়া যায়নি।