বাউফলে স্বামী-স্ত্রী এসিড-সন্ত্রাসের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার মাধবপুর গ্রামে শনিবার রাতে পঞ্চম চৌকিদার (৪৫) ও তাঁর স্ত্রী মাকসুদা বেগম (৪০) এসিড-সন্ত্রাসের শিকার হয়েছেন। জমি নিয়ে বিরোধের জের ধরে তাঁদের ওপর এসিড নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁদের গতকাল রোববার ভোরে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।ওই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল আহসান সিদ্দিকী বলেন, যেভাবে ঝলসে গেছে তাতে প্রাথমিকভাবে এসিড বলেই মনে হচ্ছে। তার পরও নিশ্চিত হওয়ার জন্য পরীক্ষাগারে পাঠানো হবে। হাসপাতালে চিকিৎসাধীন মাকসুদা বেগম বলেন, রাতে তাঁরা ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত আড়াইটার দিকে ঘরের পেছনে লোকজনের উপস্থিতি টের পেয়ে তিনি ও তাঁর স্বামী দরজা খুলে বের হন। এ সময় সাত-আটজন লোক তাঁদের দিকে তেড়ে আসে। তারা তাঁকে চুল ধরে টেনেহিঁচড়ে ফেলে দিয়ে তাঁর দিকে কিছু একটা ছুড়ে মারে। এ সময় তাঁর গলার ওপর তরল জাতীয় কিছু একটা লেগে গেলে জ্বালাপোড়া করতে থাকে। তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। বাউফল থানার ওসি নরেশ চন্দ্র কর্মকার বলেন, জমি নিয়ে বিরোধের কারণে এ ঘটনা ঘটতে পারে। এখনো মামলা হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।