বাউফলে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত
পটুয়াখালীর বাউফল উপজেলার বাউফল-বগা সড়কের রাজনগর এলাকায় টমটম ও মোটরসাইকেলের সংঘর্ষে নাইম (১৪) ও পাভেল (১৭) নামের দুই শিক্ষার্থী নিহত হয়েছে। আজ সোমবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় রুবেল (২০) নামের একজন আহত হয়েছেন।
নাঈম রাজনগর এলাকার নুর আলম মোল্লার ও পাভেল আবদুল মান্নান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আজ সন্ধ্যার দিকে ওই সড়ক দিয়ে তারা তিনজন একটি মোটরসাইকেলে করে যাচ্ছিল। রাজনগর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একটি টমটমের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নাঈম নিহত হয়। স্থানীয় লোকজন আহত পাভেল ও রুবেলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিত্সক তাদের বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। অ্যাম্বুলেন্সে করে যাওয়ার পথে বগা এলাকায় পাভেল মারা যায়।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিত্সা কর্মকর্তা আরিফ ভূইয়া বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই নাঈমের মৃত্যু হয়েছে। বাকি দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পথে পাভেল মারা যায়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।