বাউফলে ৪৫ কিলোমিটার সড়ক বেহাল

পটুয়াখালীর বাউফল উপজেলার অভ্যন্তরীণ প্রায় ৪৫ কিলোমিটার পাকা সড়ক বেহাল হয়ে পড়েছে। সড়কগুলোর অধিকাংশ জায়গায় পিচঢালাই নেই, আছে জায়গায় জায়গায় গর্ত। প্রতিদিন এসব সড়ক দিয়ে শিক্ষার্থীসহ হাজারো মানুষ যাতায়াত করে। চলে কয়েক শ যানবাহন। যেন দুর্ভোগের শেষ নেই ভুক্তভোগীদের।
জেলা সড়ক ও জনপথ বিভাগ এবং উপজেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৯ সালের পর এসব সড়ক নির্মাণ ও পুননির্মাণ করা হয়।
সরেজমিনে দেখা যায়, কালাইয়া ধানহাট থেকে বিলবিলাস পল্লী বিদ্যুতের সাবস্টেশন পর্যন্ত সাত কিলোমিটার, কালিশুরি বাজার থেকে বাহেরচর বাজার পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার, কালিশুরি বাজার থেকে চেয়ারম্যান বাজার পর্যন্ত পাঁচ কিলোমিটার, কাছিপাড়া বাজার থেকে হোগলা বাজার পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার, দাশপাড়া ইউনিয়ন পরিষদ থেকে দাশপাড়া ল্যাংড়া মুন্সীর পুল পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার, নাজিরপুর ইউনিয়নের বাংলাবাজার থেকে ধানদী বাজার পর্যন্ত প্রায় চার কিলোমিটার, ধূলিয়া থেকে মমিনপুর বাজার পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার, ভরিপাশা খেয়াঘাট থেকে বাজেমহল পর্যন্ত দুই কিলোমিটারসহ গুরুত্বপূর্ণ রাস্তার বিভিন্ন স্থানে পিচঢালাই উঠে খোয়া বের হয়ে গেছে। কোথাও কোথাও পিচ, খোয়া উঠে মাটি বের হয়ে গেছে। রাস্তার বেহাল দশার কারণে পথচারী ও যানবাহনের আরোহীদের নিয়মিত ভোগান্তি পোহাতে হচ্ছে।
এ ছাড়া ভরিপাশা কালু মোল্লার বাড়ির দক্ষিণ পাশ থেকে ভূঁইয়াবাড়ির ঈদগাহ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার ও ছোট ডালিমা কালভার্ট থেকে বড় ডালিমা চৌরাস্তা পর্যন্ত প্রায় চার কিলোমিটার ইটের সড়কের অবস্থা খুবই নাজুক।
ধানদী গ্রামের অটোভ্যানচালক মো. জালাল বলেন, মাত্র দুই বছর আগে রাস্তাটি (বাংলাবাজার-ধানদী) নির্মাণ করা হয়। এর মধ্যে রাস্তার বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে ও ঢালাই উঠে খোয়া বের হয়ে গেছে। এই রাস্তায় ভ্যান চালাতে গিয়ে ভ্যানগাড়ির চাকা বেঁকে গেছে। এ ছাড়া তাড়াতাড়ি যাওয়ার সময় ঝাঁকুনিতে অনেক সময় যাত্রীরা আঘাত পান বা পড়ে প্রায়ই আহত হন।
ছোট ডালিমার আবদুস ছালাম মৃধা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আমির হোসেন বলেন, তাঁদের এলাকার ইটের সড়কটির বর্তমান অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে যানবাহন চলা তো দূরের কথা, বৃষ্টির সময় হাঁটতেই সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা-যাওয়া করতে খুবই কষ্ট হয়।
কালিশুরির চেয়ারম্যান বাজার এলাকার বাসিন্দা আবদুল আজিজ বলেন, রাস্তায় পিচ, খোয়া উঠে মাটি বের হয়ে গেছে। ফলে বর্ষার সময় রাস্তায় কাদা হয়ে যায়। আবার শুকনা মৌসুমে ধুলায় ভরে যায়। এসব রাস্তা দ্রুত মেরামত করা দরকার।
উপজেলা প্রকৌশলী মো. জহুরুল ইসলাম বলেন, অগ্রাধিকার ভিত্তিতে এসব সড়কের পর্যায়ক্রমে সংস্কার করা হবে।
পটুয়াখালী সওজের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন বলেন, তাঁদের সংস্কারকাজ চলমান। অল্প সময়ের মধ্যে তাঁদের আওতাধীন সড়কের নির্মাণকাজ শেষ করা হবে।