বাউফলের অপহূত স্কুলছাত্র চট্টগ্রামে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার বাকলা তাঁতেরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর অপহূত ছাত্র সোলায়মানকে উদ্ধার করা হয়েছে। অপহরণের দুই দিন পর গত মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকার পারাবত হোটেলের সামনে থেকে বাউফল থানার পুলিশ তাকে উদ্ধার করে।বাউফল থানার উপপরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবির ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফোরকান জানান, গত রোববার বেলা দেড়টার দিকে বিদ্যালয় চলাকালে সোলায়মানকে অপহরণ করা হয়। ওই দিন অপহরণকারীরা তার বাবা আবদুস ছালামের মুঠোফোনে যোগাযোগ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে আধুনিক প্রযুক্তি (মোবাইল ট্র্যাকিং) ব্যবহার করে অপহরণকারীরা চট্টগ্রামে অবস্থান করছে বলে নিশ্চিত হন তাঁরা। মঙ্গলবার তাঁরা চট্টগ্রামে আসেন এবং রাত একটার দিকে তাকে উদ্ধার করেন। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার দাবি করেন, বাকলা তাঁতেরকাঠি গ্রামের নূর হোসেন তালুকদারের ছেলে মনির তালুকদারের (২৬) নেতৃত্বে সোলায়মানকে অপহরণ করা হয়েছিল। তাদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে।গত মঙ্গলবার প্রথম আলোতে ‘দুই ছাত্রকে অপহরণ, ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি’ শীর্ষক শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।