বাউফলের এএসপি ও ওসিকে হাইকোর্টের তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থানা হেফাজত থেকে এক আসামিকে ওসির ঘরে নিয়ে নির্যাতন করার অভিযোগ বিষয়ে ব্যাখ্যা জানাতে বাউফল সার্কেলের এএসপি ও বাউফল থানার ওসিকে তলব করেছেন হাইকোর্ট।

২৭ ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার (এএসপি) সাইফুল ইসলাম ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম খান ফারুকীকে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা জানাতে বলা হয়েছে।

আজ সোমবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এই আদেশ দেন। পাশাপাশি ওই অভিযোগ তদন্ত করতে পুলিশপ্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে।

১৪ ফেব্রুয়ারি একটি পত্রিকায় ‘বাউফলে ওসির রুমে নির্যাতন’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। ওই প্রতিবেদনে হাফিজুর রহমান বিজয় নামের এক ব্যক্তিকে ওসির রুমে নির্যাতন করা হয় বলে উল্লেখ করা হয়। ওই প্রতিবেদন যুক্ত করে তাঁর মা হাইকোর্টে রিট আবেদনটি করেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন, আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া ও ফারুক হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

আইনজীবী ফারুক হোসেন সাংবাদিকদের বলেন, হেফাজতে নিয়ে নির্যাতন কেন বেআইনি হবে না এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না রুলে তা জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, আইজিপি, ডিআইজি বরিশাল, এডিশনাল আইজি (শৃঙ্খলা) ঢাকা, পটুয়াখালীর পুলিশ সুপার, এএসপি সাইফুল ইসলাম, ওসিসহ নয় বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান তিনি।