বাউফলের কালাইয়া খাল দখল করে উঠছে স্থাপনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া খালের দুই পাড় দখল করে কাঁচা-পাকা স্থাপনা নির্মাণ করছেন প্রভাবশালী ব্যক্তিরা। ইতিমধ্যে সরকারি এই খালের কালাইয়া লঞ্চঘাট থেকে পশ্চিমে ধানহাট পর্যন্ত আধা কিলোমিটারের মধ্যে প্রায় ১৫০টি অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে। স্থানীয়রা ছাড়াও আওয়ামী লীগের এক নেতা ও তাঁর পরিবারের সদস্যরা এই দখলবাজির সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।দখলদারদের দাবি, তাঁরা নিজেদের রেকর্ডীয় জমিতে স্থাপনা করেছেন। তবে বাউফলে সম্প্রতি যোগ দেওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম সাদিকুর রহমান বলেন, সরকারি খাল বা নদীর মধ্যে কারও রেকর্ডীয় সম্পত্তি থাকতে পারে না। এমনকি নদীতে বা খালের মধ্যে কখনো চর পড়লেও ওই সম্পত্তি সরকারের। কোনোভাবেই খালের ওপর স্থাপনা বা কোনো ঘর নির্মাণ করা যাবে না। অবৈধভাবে কেউ নির্মাণ করে থাকলে তা উচ্ছেদ করা হবে।খালটির উৎপত্তি তেঁতুলিয়া নদী থেকে। কালাইয়া লঞ্চঘাট থেকে পশ্চিম দিকে প্রবাহিত হয়ে বাউফল-বগা লঞ্চঘাটের পাশ দিয়ে লোহালিয়া নদীতে গিয়ে মিশেছে এটি। খালটি প্রস্থে ৮০ থেকে ১৫০ ফুট।সরেজমিনে গিয়ে দেখা যায়, কালাইয়া পুরাতন লঞ্চঘাটসংলগ্ন খালের দক্ষিণ পাশ ঘেঁষে মানুষের চলাচলের জন্য রয়েছে এলজিইডির পাকা একটি সড়ক। এই সড়কের পাশে খালের পানির মধ্যে আরসিসি পিলার তুলে পাকা ভবন নির্মাণ করছেন আবদুর রাজ্জাক হাওলাদার নামে এক প্রভাবশালী। তিনি বলেন, ‘কেনা জমিতে ভবন নির্মাণের কাজ করছি। আমার জমি ভেঙে খাল হয়েছে।’ তিনি জানান, তাঁর মতো একইভাবে আরও অনেকে স্থাপনা নির্মাণ করেছেন।প্রায় চার বছর আগে খালের মধ্যে কালাইয়া বন্দর এলাকার অংশে এক ডজনেরও বেশি স্থাপনা নির্মাণ করে ব্যবসা করে আসছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শওকত হায়দার ও তাঁর পরিবারের কয়েকজন সদস্য। নিজের পৈতৃক রেকর্ডীয় সম্পত্তিতে স্থাপনা নির্মাণ করেছেন বলে দাবি করেন তিনি। তাঁদের সম্পত্তিও ভেঙে খাল হয়ে গেছে বলে জানান শওকত হায়দার।শহিদুল ইসলাম, কালাম মিয়াসহ স্থানীয় কয়েকজন জানান, প্রভাবশালী ব্যক্তিরা খাল দখল করে স্থাপনা নির্মাণ করছেন। তাঁদের বাধা দিলেও কোনো কাজ হয় না। প্রশাসনও না দেখার ভান করে থাকে। দখলের কবলে পরে খালটি দিন দিন সংকুচিত হয়ে আসছে।মোহাম্মদ আলী মিয়া (৬৮) বলেন, একসময় এই খাল দিয়ে স্টিমার চলত। দখল হয়ে যাওয়ায় এখন ট্রলার চলতেও সমস্যা হয়। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে এ নৌপথ দিয়ে মালামাল পরিবহন ব্যাহত হবে।উপজেলা প্রকৌশলী ইউনুচ মিয়া বলেন, ‘সড়ক ও খাল দুটিই সরকারি। খাল কারও ব্যক্তিগত সম্পত্তি হতে পারে না। এর মধ্যে কেউ স্থাপনা নির্মাণ করলে সেটা আইনের পরিপন্থী।’