বাউফলের জলমহালগুলো আ.লীগ নেতাদের দখলে
পটুয়াখালীর বাউফল উপজেলার সরকারি জলমহালগুলো স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ভোগদখল করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। দুই বছর ধরে এগুলো ইজারা দেওয়া হয়নি। ফলে সরকার বঞ্চিত হচ্ছে রাজস্ব থেকে, ক্ষতিগ্রস্ত হচ্ছে মৎস্যজীবীরা।উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা গেছে, বাউফলে ২১টি সরকারি জলমহালের মধ্যে ২০১১ সালে একটিমাত্র জলমহাল তিন বছরের জন্য ইজারা দেওয়া হয়। বর্তমানে পাঁচটি জলমহাল ইজারা দেওয়ার প্রক্রিয়া চলছে। কিন্তু বাকি ১৫টি জলমহাল ইজারা দেওয়া হয়নি। এসব জলমহালের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৃণাল কান্তি দে বলেন, ইজারা দেওয়ার জন্য দরপত্র আহ্বান করলেও কেউ এতে অংশগ্রহণ করে না। বর্তমানে এসব জলমহাল পড়ে রয়েছে বলে দাবি করে তিনি আরও বলেন, শিগগিরই দরপত্র আহ্বান করে প্রকৃত মৎস্যজীবীদের মধ্যে সব জলমহাল ইজারা দেওয়া হবে। জলমহাল-সংলগ্ন বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন থেকে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা ইজারা না নিয়েই এসব জলমহাল ভোগদখল করছেন। প্রকৃত জেলেদের ধারে-কাছেও ঘেঁষতে দেওয়া হয় না।সরেজমিন গিয়ে কোনো জলমহালই পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়নি। স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা সমন্বয় করে এগুলো ভোগদখল করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।নাজিরপুর ইউনিয়নের বাসিন্দা আলমগীর মাতবর বলেন, ইউনিয়নের চরমিয়াজান সরকারি পুকুর স্থানীয় আওয়ামী লীগের কর্মী লতিফ শরীফ, নিজাম হাওলাদার ও ছাত্রলীগের সাবেক নেতা ছিদ্দিকুর রহমান তিন বছর থেকে ভোগদখল করে আসছেন। একই ইউনিয়নের সরকারি চরওয়াডেল পুকুরটি আওয়ামী লীগের কর্মী বশার মোসলমান ও যুবলীগ কর্মী হানিফ গাজীসহ কয়েকজন ব্যক্তি ইজারা না নিয়েই ভোগদখল করছেন। যোগাযোগ করা হলে ভোগদখলকারীরা দাবি করেন, জলমহালগুলো পরিত্যক্ত পড়ে রয়েছে। তাই তাঁরা মাছ চাষ করে কিছু আয় করছেন।কালাইয়া ইউনিয়নের কালাইয়া গোরস্থান পুকুরটি ওই ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা মাছ চাষ করছেন। এ রকম প্রায় সবগুলো জলমহালই স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ইজারা ছাড়াই ভোগদখল করছেন।কালাইয়া ইউনিয়ন জেলে সমবায় সমিতির সভাপতি মোতাহার মাতবর ও নাজিরপুর ইউনিয়ন জেলে সমবায় সমিতির সভাপতি সুলতান ফরাজি ঘাট সরকারি জলমহলগুলো প্রকৃত জেলেদের মধ্যে ইজারা দেওয়ার দাবি করে বলেন, জেলেদের জীবন-জীবিকার একমাত্র অবলম্বন হচ্ছে মাছ শিকার। সাম্প্রতিক বছরগুলোতে এমনিতেই নদ-নদীতে মাছের পরিমাণ কমেছে। ফলে জেলেদের জীবনে চরম দুর্দিন নেমে এসেছে। তাদেরকে পরিবার নিয়ে অর্ধাহারে-অনাহারে দিন কাটাতে হচ্ছে।উপজেলা মৎস্য কর্মকর্তা মাহাবুব আলম তালুকদার বলেন, নিয়ম অনুযায়ী জলমহালগুলো প্রকৃত জেলেরা যাতে ইজারা নিতে পারে, সে জন্য চেষ্টা চালানো হয়। কিন্তু শেষ পর্যন্ত পারা যায় না।