বাউফলের মৈশাদি বাজার সেতু এখন মরণফাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের মৈশাদি বাজার-সংলগ্ন জলকপাটের ওপর নির্মিত সেতুটি জরাজীর্ণ হয়ে পড়েছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের মৈশাদি বাজার-সংলগ্ন জলকপাটের ওপর নির্মিত সেতুটি জরাজীর্ণ হয়ে পড়েছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৮৯ সালে জলকপাটের ওপর ওই সেতুটি নির্মাণ করা হয়। কোন দপ্তর নির্মাণ করেছে, তা তাঁরা জানেন না।

সরেজমিনে দেখা গেছে, মৈশাদি বাজারসংলগ্ন পূর্ব পাশে মৈশাদি খালের জলকপাটের ওপর সেতুটির স্টিলের পাটাতনের অধিকাংশ স্থানেই বিশাল আকৃতির গর্তের সৃষ্টি হয়েছে। যেসব পাটাতন ভালো মনে হচ্ছে, সেগুলোতেও মরিচা পড়ে খুবই নাজুক অবস্থায় রয়েছে। আর এর ওপর দিয়ে ঝুঁকি নিয়েই ভুক্তভোগী মানুষ ও যানবাহন চলাচল করছে।

স্থানীয় সাত-আটজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ওই সেতু দিয়ে পূর্ব নওমালা ছালেহিয়া দাখিল মাদ্রাসা ও মৈশাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থীসহ সহস্রাধিক মানুষ প্রতিদিন যাতায়াত করে।

মৈশাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামাল হোসেন বলেন, যাতায়াতের বিকল্প কোনো পথ না থাকায় বাধ্য হয়েই এ সেতু দিয়ে শিশুশিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হয়। তিনি আরও বলেন, বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আগেই সেতুটি নির্মাণ করা দরকার।

নওমালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শাহজাদা হাওলাদার বলেন, সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। নির্মাণের পর আর মেরামত করা হয়নি। এ কারণে বর্তমানে সেতুটি মরণফাঁদে পরিণত হয়েছে। সেতুটির পাটাতন পরিবর্তন করে নতুন পাটাতন দেওয়া খুব জরুরি।

শহিদুল ইসলাম নামে এক রিকশাচালক বলেন, সেতুটি পার হওয়ার সময় প্রায়ই রিকশার চাকা ভাঙা পাটাতনের গর্তে পড়ে যায়। তবু জীবনের তাগিদে ঝুঁকি নিয়েই এ সেতুর ওপর দিয়ে যাতায়াত করতে হয়।

উপজেলা প্রকৌশলী মো. জহুরুল ইসলাম বলেন, ‘সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ। আর ওই সেতুটি পানি উন্নয়ন বোর্ডের আওতায়। এ কারণে আমরা কিছু করতে পারছি না।’

পটুয়াখালীর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. হাসানুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’