বাউফলের সেই তহশিলদারকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফলের বিভিন্ন চরের ধান কাটার জন্য বিশেষ স্লিপদাতা তহশিলদারকে প্রত্যাহার করা হয়েছে। বাউফল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৃণাল কান্তি দে জানান, গত শনিবার থেকে উপজেলার ধূলিয়া ও কেশবপুর—এই দুই ইউনিয়নের সংশ্লিষ্ট চরসহ সব চরের তদারকির দায়িত্ব থেকে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) আবদুল জব্বারকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ওই দুই ইউনিয়নের দায়িত্বে দেওয়া হয়েছে তহশিলদার মো. খলিলুর রহমানকে।তিনি আরও জানান, চরের ধান নিয়ে কোনো রকমের বেআইনি কর্মকাণ্ড মেনে নেওয়া যাবে না। ভূমিহীন কৃষকদের জমির ফসল যাতে নির্বিঘ্নে ঘরে তুলতে পারে সেই লক্ষ্যে প্রশাসন সজাগ রয়েছে। অভিযোগ ছিল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশিলদার) আবদুল জব্বারের দেওয়া বিশেষ স্লিপ ছাড়া বাউফলের দুটি চরের ধান কাটতে পারছেন না কৃষক। আর টাকার বিনিময়ে তিনি এই স্লিপ দেন। এ নিয়ে ১৩ ডিসেম্বর ‘তহশিলদারের স্লিপ নিয়ে কাটতে হয় চরের ধান’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।