বাউফলের সেই প্রশিক্ষণকেন্দ্রের কার্যক্রম বন্ধ
পটুয়াখালীর বাউ-ফলে কম্পিউটারে প্রশিক্ষণ দেওয়ার কথা বলে বহুস্তরবিশিষ্ট বিপণন (এমএলএম) পদ্ধতিতে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখানো মিডস আইটি প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন। গত রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল কালাম আজাদ ওই প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ ঘোষণা করেন।ইউএনও মো. আবুল কালাম আজাদ জানান, প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় আপাতত ওই প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কাগজপত্র দেখানোর জন্য সময় প্রার্থনা করা হয়েছে। পরে কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।গত বছরের জুন থেকে বাউফল পৌরসভার চার নম্বর ওয়ার্ডের মুসলিমপাড়া এলাকার ‘আফনান ভিলা’ নামে একটি আবাসিক ভবনের নিচতলা ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করে মিডস আইটি। প্রতিষ্ঠানটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সনদ দেওয়ার কথা বলে এলাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের প্রায় ৭০০ শিক্ষার্থীকে ভর্তি করে। প্রত্যেকের কাছ থেকে ভর্তি ফি বাবদ নেওয়া হয় পাঁচ হাজার টাকা। কিন্তু তাদের শেখানো হয় এমএলএম পদ্ধতিতে কীভাবে কোটিপতি হওয়া যায় এবং কীভাবে আরও শিক্ষার্থী ভর্তি করা যায় তার কলাকৌশল।এ ব্যাপারে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মারাফত আলীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, মিডস আইটি নামে তাঁদের অনুমোদিত কোনো প্রশিক্ষণকেন্দ্র নেই। ওই কেন্দ্রের শিক্ষার্থীরা অবশ্যই প্রতারিত হচ্ছে।গত ২ ফেব্রুয়ারি ‘বাউফলে প্রশিক্ষণের নামে প্রতারণা’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।