বাউফলের ৩১টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই
পটুয়াখালীর বাউফল উপজেলার ১২২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩১টিতে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়েই চলছে এসব বিদ্যালয়ের কার্যক্রম। এতে বিদ্যালয়গুলোয় শিক্ষার্থীদের পাঠদানসহ প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।কয়েকজন অভিভাবক জানান, প্রধান শিক্ষক না থাকায় সহকারী শিক্ষকেরা এ দায়িত্ব পালন করেন। তাঁদের বিভিন্ন সময়ে দাপ্তরিক কাজে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে যেতে হয়। তখন বিদ্যালয়ে ক্লাস নেওয়ার জন্য শিক্ষকের ঘাটতি দেখা দেয়। এ কারণে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। দক্ষিণ শৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হুমায়ুন কবির বলেন, তাঁর বিদ্যালয়ে ছয়জন শিক্ষক থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত চারজন। তাঁদের মধ্যে একজন রয়েছেন প্রশিক্ষণে। প্রধান শিক্ষকের পদ শূন্য প্রায় আড়াই বছর। এ কারণে বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম ভেঙে পড়েছে।বাউফল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লুৎফর রহমান বলেন, প্রধান শিক্ষক নিয়োগের বিষয়টি উচ্চ আদালতে মামলার কারণে দীর্ঘদিন ঝুলে ছিল। মামলার নিষ্পত্তি হয়েছে। শিগগিরই নতুন নিয়োগ দিয়ে প্রধান শিক্ষকের শূন্য পদগুলো পূরণ করা হবে।