বাউবি চট্টগ্রাম কেন্দ্রে পৌষের পিঠা উৎসব
থালায় সাজানো নানা পিঠা। চিতই, ভাপা, খোলাঝাই, ঝাল পিঠা, ক্ষীরশা পিঠা, নারকেলের পুলি, মুগপাল, পাটিসাপটা, নকশি পিঠা, আরও কত-কী! উদ্বোধনী অনুষ্ঠান চলার সময়েই ভোজনরসিকেরা ঢুঁ মারছিলেন পিঠার স্টলে। হিম হিম শীতের সকালে বাঙালির চিরায়ত সংস্কৃতির অংশ পৌষের পিঠাপুলি কার না পছন্দ!
‘পৌষের পিঠা খেয়ে প্রাণের টানে মাতো, শেকড়ের খোঁজে চলো’ স্লোগানে গতকাল শুক্রবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে হয়ে গেল দিনব্যাপী পিঠা উৎসব। উৎসবের আয়োজক বাউবি। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক হায়াত হোসেন। বাউবি চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক বদরুল হায়দার চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইন্দ্রজিৎ কুণ্ডু ও বাউবির পরীক্ষা নিয়ন্ত্রক আসাদুজ্জামান উকিল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পৌষ মাস ও পিঠা—এই দুটি সমার্থক শব্দ ছিল একসময়। কিন্তু শহুরে জীবনে পিঠাপুলি হারিয়ে যাচ্ছে। পরিবর্তনের কারণে অনেক কিছু হারিয়ে যায়। কিন্তু তারপরও মানুষ তার ঐতিহ্য ধরে রাখার জন্য চেষ্টা করে। এ ধরনের উৎসব নতুন প্রজন্মের কাছে দেশের চিরায়ত ঐতিহ্যকে তুলে ধরবে।