বাউবি থেকে স্নাতক পাস করলেন সাংসদ অনুপম
টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাংসদ অনুপম শাহজাহান বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) থেকে স্নাতক পাস করেছেন। স্নাতক কোর্সে তিনি জিপিএ-২.৮৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
অনুপম শাহজাহান সাংসদ হিসেবে শপথ নেওয়ার সাত দিনের মাথায় গত সোমবার রাতে ওই ফলাফল প্রকাশিত হয়।
সখীপুর আবাসিক মহিলা কলেজ টিউটোরিয়াল কেন্দ্রের বাউবির সমন্বয়কারী আহাম্মদ আলী মিয়া সাংসদের ফলের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘ইন্টারনেট থেকে ফল সংগ্রহ করে সোমবার রাতেই আমি সাংসদকে মুঠোফোনে জানাই। ফল শুনে তিনি খুবই খুশি হয়েছেন।’
অনুপম টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে আওয়ামী লীগের প্রয়াত সাংসদ শওকত মোমেন শাহজাহানের ছেলে। ২০ জানুয়ারি শওকত মোমেনের মৃত্যু হলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। ২৯ মার্চ ওই আসনে উপনির্বাচন হয়। ১৬ এপ্রিল স্থগিত একটি কেন্দ্রে পুনরায় ভোটের পর আওয়ামী লীগের প্রার্থী অনুপম জয়ী হন। ২১ এপ্রিল তিনি সাংসদ হিসেবে শপথ নেন।
অনুপম শাহজাহান ২০০৩ সালে সখীপুর পাইলট বালক উচ্চবিদ্যালয় বাউবির টিউটোরিয়াল কেন্দ্র থেকে এসএসসি পাস করেন। জিপিএ-২.৬ পান। ২০০৮ সালে সখীপুর আবাসিক মহিলা কলেজ বাউবির টিউটোরিয়াল কেন্দ্র থেকে জিপিএ-৩.০৫ পেয়ে এইচএসসি পাস করেন। এরপর তিনি ঠিকাদারি ব্যবসার পাশাপাশি ২০১২ শিক্ষাবর্ষে বাউবি থেকে স্নাতক পরীক্ষা দেন।