বাউবির উপাচার্যসহ আটজনের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিহাস বিকৃতির অভিযোগে করা মামলায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য আর আই এম আমিনুর রশীদসহ আটজন জামিন পেয়েছেন।এ আটজন গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। মহানগর হাকিম কামরুন্নাহার রুমি ১০ হাজার টাকা মুচলেকায় একজন আইনজীবীর জিম্মায় তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন।জামিন পাওয়া অন্য ব্যক্তিরা হলেন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক এম ফরিদ আহমেদ, বাউবির সাবেক কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপাচার্য রুহুল আমিন আকন্দ, বাউবির প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন বিভাগের সাবেক পরিচালক এবং বর্তমানে পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ফজলে আলী, বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটির বিবিএ প্রোগ্রামের চেয়ারম্যান আরশেদ আলী মাতুব্বর, বাউবির ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুর রাহীম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক ও বাউবির রাষ্ট্রবিজ্ঞানের সাবেক প্রভাষক মো. কামাল উদ্দিন এবং ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মো. কুতুব উদ্দিন।আদালতে হাজির হননি বাউবির সাবেক উপাচার্য এরশাদুল বারী ও সাবেক ডিন আনছারুজ্জামান।প্রতারণার মাধ্যমে তথ্য বিকৃত করে পাণ্ডুলিপি প্রকাশের অভিযোগে বাউবির উপাচার্য আর আই এম আমিনুর রশীদসহ ১০ জনের বিরুদ্ধে গত ৪ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন-অর-রশিদ মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেন। আদালত ওই দিন বাদীর জবানবন্দি গ্রহণ করে আমিনুর রশীদসহ ১০ জনকে গতকাল আদালতে হাজির হতে সমন জারির আদেশ দিয়েছিলেন।মামলায় অভিযোগ করা হয়, বাদী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান শওকত আরা হোসেন প্রণীত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উচ্চমাধ্যমিক শ্রেণীর পৌরনীতি দ্বিতীয় পত্র ২০০০ সালে প্রথম প্রকাশিত হয়। পরবর্তীকালে আসামিরা পর্যায়ক্রমে দায়িত্ব পালনের সময় পরস্পর যোগসাজশে মূল বইয়ে তাঁদের নাম ব্যবহার করে ও পাণ্ডুলিপির বিকৃতি করে এর পুনঃসংস্করণ বের করেন।