বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ২০১০ সালের এসএসসি প্রোগ্রামের প্রথম ও দ্বিতীয় বর্ষের চূড়ান্ত ফল গতকাল বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। পাসের হার ৬২ দশমিক ১৪ শতাংশ। গত জুন-জুলাই মাসে ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিজ নিজ স্টাডি সেন্টার থেকে শিক্ষার্থীরা এই ফল জানতে পারবে।এ বছর প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণকারী মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ৬৭ হাজার ৮৯৬ জন। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী (দ্বিতীয় বর্ষ) ৬২ হাজার ৪৫ জনের মধ্যে মোট ৩৮ হাজার ৫৫৭ জন কৃতকার্য হয়েছে। কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে একজন ‘এ প্লাস’, ৯৪৯ জন ‘এ’, পাঁচ হাজার ১৩৪ জন ‘এ মাইনাস’ ১১ হাজার ৯৬১ জন ‘বি’, ১৯ হাজার ৪৭৮ জন ‘সি’ এবং এক হাজার ৩৪ জন শিক্ষার্থী ‘ডি’ পেয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৯ হাজার ৬৩৭ জন পুরুষ এবং ১৮ হাজার ৯২০ জন মহিলা। পুরুষ পরীক্ষার্থী পাসের হার ৫৮ দশমিক ২ জন এবং মহিলা পরীক্ষার্থী পাসের হার ৬৭ দশমিক ১০ শতাংশ। উল্লেখ্য, এ বছর প্রথম বর্ষের পরীক্ষায় মোট এক লাখ পাঁচ হাজার ৮৫১ জন শিক্ষার্থী অংশ নিয়েছে।