বাউবির বিবিএর বিভিন্ন স্তরের ফলাফল আটকে আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে অনুষ্ঠিত স্কুল অব বিজনেস (ব্যবসায় প্রশাসন-বিবিএ) বিভাগের বিভিন্ন স্তরের পরীক্ষার ফলাফল আটকে আছে দীর্ঘদিন। এ ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।এর মধ্যে হতাশ হয়ে শিক্ষার্থীদের অনেকে মাঝপথে বাউবি ছেড়ে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে বাধ্য হয়েছেন।শিক্ষার্থীরা জানান, ২০১০ সালে বিবিএ কার্যক্রমে (প্রোগ্রাম) ভর্তি হওয়া পরীক্ষার্থীদের প্রথম, তৃতীয়, পঞ্চম ও সপ্তম স্তরের (লেভেল) পরীক্ষা শেষ হয় গত বছরের ফেব্রুয়ারি-মার্চে এবং দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম স্তরের পরীক্ষা হয়েছে জুলাই মাসে। কিন্তু এখনো কোনো ফল প্রকাশ হয়নি।ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, সিলেট, যশোর, খুলনা, রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর ও বগুড়া আঞ্চলিক কেন্দ্রের বিবিএ কার্যক্রমের শিক্ষার্থীরাও এসব দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেন বলে জানা গেছে। এ ব্যাপারে বিবিএ স্টুডেন্টস ফোরামের সমন্বয়কারী বশির আহমদ প্রথম আলোকে বলেন, ‘প্রতিটি অঞ্চলের শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে এসব দাবি-দাওয়া তুলে ধরেছি।’ বশির আরও জানান, পরীক্ষার ফলাফল পেতে দেরি হওয়ায় বিবিএর অনেক শিক্ষার্থী এখান থেকে পড়াশোনার পাঠ চুকিয়ে অন্যত্র চলে গেছেন। চট্টগ্রামে বিবিএতে ভর্তি হওয়া ১৮০ জন শিক্ষার্থীর মধ্যে এখন মাত্র ৫৫ শিক্ষার্থী টিকে আছেন বলে তিনি জানান।কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বিবিএর শিক্ষার্থী সঞ্জয় কুমার মজুমদার বলেছেন, ‘আমরা সবাই এসব দাবির সঙ্গে একমত। আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে আমরা দাবিগুলো তুলে ধরেছি। আমরা চাই, বিবিএর প্রতিটি স্তরের ফলাফল নির্দিষ্ট সময়ে প্রকাশিত হোক।’ এসব বিষয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিন (বিবিএ ও এমবিএ কার্যক্রম) তফাজ্জল খানের সঙ্গে কথা বলতে তাঁর কার্যালয়ে যোগাযোগ করা হলে বলা হয়, তিনি অসুস্থ। ছুটিতে আছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কার্যালয়ের ওই কর্মকর্তা জানান, এ মাসের ২৪ জানুয়ারি বিভিন্ন স্তরের ফলাফল প্রকাশ করা হবে।