বাউবির ভৌতিক পরীক্ষা
এসএসসি পরীক্ষায় তাদের কোনো অতিরিক্ত বিষয় ছিল না। এ জন্য তারা কেউ নিবন্ধনও করেনি, টাকাও জমা দেয়নি। কিন্তু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) কম্পিউটার শাখা বলছে, তারা ওই পরীক্ষায় অনুপস্থিত ছিল। এ জন্য তাদের ফল প্রকাশিত হয়নি।
যে বিষয় শিক্ষার্থীদের ছিলই না, সে বিষয়ে অনুত্তীর্ণ হয়েছে শিক্ষার্থীরা। বাউবির এমন ভৌতিক পরীক্ষায় পটুয়াখালীর খেপুপাড়ার ৪০ জন এসএসসি শিক্ষার্থীর জীবন আটকে গেছে।
খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের বাউবির এসএসসি টিউটোরিয়াল কেন্দ্র সূত্রে জানা যায়, বাউবির এসএসসি প্রোগ্রামের ২০১২ সালের ফাইনাল পরীক্ষা ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে শুরু হয়ে ডিসেম্বরে শেষ হয়। মার্চ মাসে ওই পরীক্ষার ফল প্রকাশিত হয়। ফল তৈরির সময় বাউবির কম্পিউটার শাখা ভুল করে ২৯ জন শিক্ষার্থীর অতিরিক্ত বিষয় হিসেবে অর্থনীতি এবং ১১ জন শিক্ষার্থীর অতিরিক্ত বিষয় হিসেবে ইতিহাস ও ভূগোল দেখায়। তারা উল্লেখ করে শিক্ষার্থীদের কেউ অনুপস্থিত নয়তো ‘উইথেলড’ (স্থগিত)। এ কারণে ওই ৪০ জন শিক্ষার্থীর ফল প্রকাশ করেনি।
মো. মশিউর রহমান নামের এক শিক্ষার্থী বলে, ‘আমি অতিরিক্ত বিষয় হিসেবে অর্থনীতি নিইনি। ওই বিষয়ে আমি ফরম পূরণও করিনি এবং পরীক্ষাও দিইনি। কিন্তু আমার নামে অর্থনীতি বিষয় অন্তর্ভুক্ত করে অনুপস্থিত দেখিয়ে ফলাফল প্রকাশ করেনি। বিশ্ববিদ্যালয়ের এমন ভুলের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হলাম।’
শিক্ষার্থী রিপন বিশ্বাস বলে, ‘আমারও অতিরিক্ত বিষয় হিসেবে অর্থনীতি দেখানো হয়েছে। আমিও অর্থনীতি নিইনি। অথচ পরীক্ষায় অনুপস্থিত দেখিয়ে আমার ফলাফলও প্রকাশ করেনি।’
এ ব্যাপারে বাউবির এসএসসি টিউটোরিয়াল খেপুপাড়া কেন্দ্রের তৎকালীন কেন্দ্র সমন্বয়কারী অতুল চন্দ্র দাস বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবছরই এ ধরনের ভুল করা হয়। শিক্ষার্থীরা যে বিষয় নিয়ে ভর্তি হয়, সেসব বিষয়ের পরিবর্তে অন্য একটি বিষয় অন্তর্ভুক্ত করে দেওয়া হয়। আবার অতিরিক্ত বিষয় না নিলেও তা দেখিয়ে দেওয়া হয়। এর জন্য শিক্ষার্থীদের ভুগতে হচ্ছে। ওই ৪০ শিক্ষার্থীর ফলাফল পুনর্মূল্যায়নের আবেদন জানিয়েও কোনো সুরাহা পাইনি।’
বাউবির পটুয়াখালী কার্যালয়ের সমন্বয়কারী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, ‘আমি আজকেও বিশ্ববিদ্যালয়ে উপপরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করেছি। শিক্ষার্থীদের কাগজপত্র বাউবি কার্যালয়ে পাঠানো হয়েছে।’
ভুল করার ব্যাপারে বাউবির এসএসসি পরীক্ষা শাখার উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. কামরুজ্জামান ভূঁইয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। একবার ফোন ধরলেও সাংবাদিক পরিচয় পেয়ে লাইন কেটে দেন।