বাউল কফিলউদ্দিন অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের প্রবীণ বাউল কফিলউদ্দিন সরকার দুরারোগ্য ব্যাধি ক্যানসারে আক্রান্ত। পরিবারের আর্থিক দুরবস্থার কারণে চিকিৎসাও করাতে পারছেন না। তাঁর শিষ্য-অনুসারী ও পরিবারের সদস্যরা অসুস্থ বাউলের চিকিৎসার জন্য সমাজের সহূদয় ব্যক্তিদের সহায়তার হাত বাড়ানোর অনুরোধ জানিয়েছেন।বাউলের পরিবারের সদস্যরা জানান, ১০ বছর বয়স থেকে প্রয়াত বাউলসম্রাট শাহ আবদুল করিম ও দুর্বিন শাহের সান্নিধ্যে এসে কফিলউদ্দিন সরকার বাউল গানের জগতে প্রবেশ করেন। তিনি বাউল গানের পাশাপাশি মালজোড়া গানের এক কিংবদন্তিতুল্য শিল্পী। দেশ-বিদেশে তাঁর বহু শিষ্য-অনুসারী রয়েছেন। বর্তমানে তাঁর বয়স ৮২ বছর। কফিলউদ্দিন সরকারের আদি বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলায়। পরে বাউল সাধক দুর্বিন শাহের শিষ্যত্ব গ্রহণ করে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আকিলপুর গ্রামে বসতি স্থাপন করে বাউল-সাধনা চালিয়ে যান। রত্নভান্ডার প্রথম খণ্ড এবং রত্নভান্ডার দ্বিতীয় খণ্ড নামে তাঁর দুটি প্রকাশিত গানের সংকলন রয়েছে। তাঁর লেখা হাজারো গানের মধ্যে জনপ্রিয় কয়েকটি গানের উল্লেখযোগ্য কয়েকটি পঙিক্ত হচ্ছে: ‘আমি চাইলাম যারে পাইলাম না তারে/ সে এখন বাস করে অন্যের ঘরে’; ‘বন্ধুয়া বিহনে গো, সহে না পরানে গো’; ‘ডুবল তরী হায় কি করি’ এবং ‘আতর গোলাপ সোয়া চন্দন, সাজাইলাম ফুল বিছানা/ অভাগির বাসরে বন্ধু কেন আইলায় না’।গতকাল মঙ্গলবার দুপুরে অসুস্থ বাউলের সঙ্গে থাকা তাঁর জামাতা বাউল শাহীনূর আলম সরকার জানান, কিছুদিন আগে অসুস্থ বাউলকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তাঁর ফুসফুসে ক্যানসার ধরা পড়ে। টাকার অভাবে অসুস্থ বাউলের চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। কফিলউদ্দিন সরকারের ছেলে মো. মনিরউদ্দিন বলেন, ‘বাবা সারা জীবন গান গেয়ে মানুষের মনে আনন্দ দিয়েছেন। অথচ এখন কথাই বলতে পারছেন না। চিকিৎসার জন্য সিলেট নগরে একটি বাসা ভাড়া করে বাবাকে রেখেছি। আর্থিক দুরবস্থার কারণে বাবার সঠিক চিকিৎসা করাতে ও ভালোমন্দ খাওয়াতে পারছি না।’