বাউল কফিলউদ্দিন সরকার আর নেই
সিলেটের প্রবীণ বাউলসাধক কফিলউদ্দিন সরকার (৮০) আর নেই। গত রোববার রাত ১১টা ৫ মিনিটে তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। কফিলউদ্দিন স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। বাউলসাধকের মৃত্যুর সংবাদে রাতেই তাঁর গুণগ্রাহী, শিষ্য ও ভক্তরা হাসপাতালে ভিড় জমান। বাউলের একমাত্র ছেলে মো. মনিরউদ্দিন প্রথম আলোকে জানান, গতকাল সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর পর বাদ জোহর সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর দরগাহে বাউলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আকিলপুর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কফিলউদ্দিন সরকার কয়েক হাজার গান রচনা করেছেন। তাঁর লেখা গানের মধ্যে ‘আমি চাইলাম যারে পাইলাম না তারে/ সে এখন বাস করে অন্যের ঘরে’; ‘বন্ধুয়া বিহনে গো, সহে না পরানে গো’; ‘ডুবল তরী হায় কি করি’সহ বহু গান জনপ্রিয়তা পেয়েছে। কফিলউদ্দিন সরকার ১৯৩২ সালের ২৭ ফেব্রুয়ারি হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর গ্রামে জন্মগ্রহণ করেন।