সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে শাহ আবদুল করিমের জন্মভিটায় তাঁর নামে একাডেমি প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে। এই শিল্পীর জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত দুই দিনের লোক উৎসবের সমাপনী আলোচনায় বক্তারা এই দাবি জানান। গতকাল শনিবার ওই সমাপনী অনুষ্ঠান হয়।
শাহ আবদুল করিম পরিষদের উদ্যোগে শুক্রবার থেকে উজানধল গ্রামের মাঠে উৎসব শুরু হয়। গতকাল বিকেলে পরিষদের সভাপতি শাহ আবদুল করিমের ছেলে শাহ নূর জালালের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন করিমের বাল্যবন্ধু লন্ডনপ্রবাসী সৈয়দ আবদুর রহমান। প্রধান আলোচক ছিলেন সুনামগঞ্জ হাসন রাজা পরিষদের সাধারণ সম্পাদক সামারীন দেওয়ান। আলোচনায় অংশ নেন শাহ আবদুল করিম ফাউন্ডেশন লন্ডন শাখা কমিটির সভাপতি শেখ আবদুল গফুর, সাংস্কৃতিক কর্মী আবুল আজাদ, শাহ আবদুল করিম ফাউন্ডেশন দিরাই শাখার সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, পরিষদের অন্যতম সদস্য এ কে কুদরত পাশা প্রমুখ।
শাহ নূর জালাল বলেন, শাহ আবদুল করিম বিশ্বমানবতার জন্য গান গেয়েছেন। চিন্তাভাবনায় তিনি ছিলেন সম্পূর্ণ অসাম্প্রদায়িক।