বাউল গানে বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছয় মাসেও তনুর হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়ার প্রতিবাদে কুমিল্লার পুবালি চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁর মা আনোয়ারা বেগম l প্রথম আলো
ছয় মাসেও তনুর হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়ার প্রতিবাদে কুমিল্লার পুবালি চত্বরে আয়োজিত সমাবেশে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁর মা আনোয়ারা বেগম l প্রথম আলো

কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে গানে গানে প্রতিবাদ সমাবেশ করেছেন বাউলশিল্পীরা। তনু হত্যার ছয় মাস পূর্তি উপলক্ষে গণজাগরণ মঞ্চ কুমিল্লার উদ্যোগে কুমিল্লা নগরের কান্দিরপাড় পুবালি চত্বরে গতকাল মঙ্গলবার এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন তনুর মা আনোয়ারা বেগম। এ সময় উপস্থিত সবার চোখও ভিজে যায়।
ডিএনএ প্রতিবেদনের ভিত্তিতে প্রকৃত খুনিদের শনাক্ত করে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয় সমাবেশ থেকে। পরে কান্দিরপাড় থেকে বাদুরতলা, ধর্মসাগরপাড়, জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসকের কার্যালয়ের পাশ দিয়ে নগর উদ্যানে পদযাত্রা করেন বাউলশিল্পীরা। এতে অংশ নেন নগরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বেলা তিনটার দিকে নগর উদ্যানের জামতলায় তনু হত্যার বিচারের দাবিতে আবারও বাউলসংগীত পরিবেশিত হয়।
আয়োজকেরা জানান, পুবালি চত্বরে বেলা সাড়ে ১১টায় কুমিল্লার অচিন পাখি বাউল গোষ্ঠীর অন্তত ৪০ জন শিল্পী সমবেত হন। সমাবেশে যোগ দেন তনুর মা আনোয়ারা বেগম ও ছোট ভাই আনোয়ার হোসেনও। মাইক্রোফোন হাতে নিয়ে কিছু একটা বলার আগেই তনুর মা কান্নায় ভেঙে পড়েন। পুরো সমাবেশস্থল তখন স্তব্ধ। কিছুক্ষণ পর আবারও মাইক্রোফোন হাতে নেন তিনি। এ সময় তাঁর কান্নাজড়িত কথায় ভিজে ওঠে উপস্থিত সবার চোখ।
আনোয়ারা বেগম বলেন, ‘মেয়ে গেল, ছয় মাস অইল। কই, কিছু তো অইল না। ওরা (সিআইডি) খালি দেখতাছি, দেখতাছি কইতেছে, কিন্তু কিছুই অইতেছে না। আইও (তদন্ত কর্মকর্তা) পাল্টায়, মামলার কিনারা অয় না।’ তিনি আরও বলেন, ‘মেয়ে তো পাইতাম না, বিচার চাই। সবারই ছেলেমেয়ে আছে। আমি দেশবাসীর কাছে বিচার চাই।’
গণজাগরণ মঞ্চ কুমিল্লার অন্যতম সংগঠক খায়রুল আনাম রায়হান বলেন, ‘বিভ্রান্তিকর ময়নাতদন্ত প্রতিবেদন ও সিআইডির বিশেষ পুলিশ সুপার নাজমুলকে বদলি কিসের আলামত? আমরা ডিএনএ প্রতিবেদনের ভিত্তিতে হত্যাকারীদের চিহ্নিত করে ফাঁসির দাবি জানাচ্ছি। এ মামলায় গত ছয় মাসে দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় হতাশ আমরা। বিচার না হলে গণজাগরণ মঞ্চের ধারাবাহিক কর্মসূচি অব্যাহত থাকবে।’
কুমিল্লার ময়নামতি সেনানিবাসের পাওয়ার হাউসের কাছে ঝোপ থেকে গত ২০ মার্চ উদ্ধার করা হয় তনুর লাশ। এ ঘটনায় ২১ মার্চ বিকেলে তনুর বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহকারী ইয়ার হোসেন কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন। বর্তমানে মামলার তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।