বাউল নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে অনশন, মানববন্ধন
রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাশপুরে ২৮ জন বাউলের চুল, গোঁফ কেটে দেওয়া এবং তাঁদের শারীরিক নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে প্রতীকী অনশন, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের ফরিদপুর শাখা গতকাল শনিবার এসব কর্মসূচি পালন করে।সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত ফরিদপুর প্রেসক্লাব চত্বরে প্রতীকী অনশন পালিত হয়। অনশনে সংহতি জানিয়ে বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটির ফরিদপুর শাখার আহ্বায়ক আলতাফ হোসেন, লালন চর্চা কেন্দ্রের জাহাঙ্গীর হোসেন, লালন পরিষদের সালামত হোসেন খান প্রমুখ। অনশন কর্মসূচি চলাকালে বাউলসংগীত পরিবেশন করা হয়।দুপুর একটায় প্রবীণ বাউলশিল্পী আজমল বিশ্বাস ও জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ আলীকে পানি পান করিয়ে অনশন ভাঙান প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব অঞ্জলি বালা। অনশন শেষে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে মানববন্ধন করা হয়।