বাউল নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চলনবিল এলাকার নওগাঁ গ্রামে চলনবিল বাউল একাডেমিতে অগ্নিসংযোগ ও বাউল নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিক্ষুব্ধ বাউলেরা। গত বুধবার সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়।কর্মসূচি চলাকালে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা গাজী আলফাজ উদ্দিন, শহিদুল আলম, বাউল সাধক নুরাল সাঁই, আবদুস সামাদ বাউল, শামসু বাউল, মনি বাউল প্রমুখ। পরে জেলা প্রশাসক বরাবর একটি সঞ্চারকলিপি প্রদান করা হয়। চলনবিল বাউল একাডেমির সভাপতি গাজী আলফাজ উদ্দিন বলেন, চলনবিল বাউল একাডেমিতে প্রায় দুই মাস আগে সামাদ ও সাইদ বাহিনীর লোকজন অগ্নিসংযোগ করে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। এ ঘটনায় আদালতে মামলা পর্যন্ত হয়েছে। পুলিশ প্রশাসন এ বিষয়ে কোনো ব্যবস্থাই গ্রহণ করছে না। এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানান, মামলাটি আদালতে বিচারাধীন। আদালতের নির্দেশমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।