নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় লালনভক্ত বাউলদের অনুষ্ঠান পণ্ড করার প্রতিবাদে এবং মৌলবাদী আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল শনিবার জেলা শহরের ছোটবাজার এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে এসব কর্মসূচির আয়োজন করা হয়।
বেলা সাড়ে ১১টার দিকে ‘নেত্রকোনার সম্মিলিত সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনসমূহের’ ব্যানারে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। এতে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে উদীচী শিল্পীগোষ্ঠী নেত্রকোনা জেলা শাখার সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উদীচী কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান খান, জেলা মহিলা পরিষদের সভাপতি রেহানা সিদ্দিকী, নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি কামরুজ্জামান চৌধুরী, সংস্কৃতিকর্মী জিয়াউর রহমান, কবি এনামূল হক, নেত্রকোনা পর্যটন উন্নয়ন জোটের সদস্যসচিব তপন সাহা প্রমুখ।
জেলা উদীচী সভাপতি মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বলেন, কেন্দুয়ার চিথোলিয়া গ্রামে আবদুল হেলিমের বাড়িতে নিয়মিত লালনের গান হয়ে আসছে। গত ৩০ নভেম্বর মৌলবাদীদের তৎপরতার মুখে প্রশাসন গানের আসরটি হতে দেয়নি। এ ধরনের অপকর্ম বন্ধে প্রশাসনের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।
স্থানীয় বাসিন্দা, পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি কেন্দুয়া উপজেলায় লালন অনুসারীদের ‘কাফের, মুরতাদ’ আখ্যায়িত করে প্রচারপত্র বিলি করা হয়েছে। ‘হেফাজতে ঈমান, পাইকুড়া শাখা মজলিশপুর মাদ্রাসা, কেন্দুয়া’ নামের একটি সংগঠন ওই প্রচারপত্র বিলি করে। এরপর থেকে আতঙ্কে রয়েছেন ওই উপজেলার লালন অনুসারীরা।
এ ঘটনায় ১৩ ডিসেম্বর বিকেলে কেন্দুয়া উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে বাউলভক্তদের সংগঠন ‘তরিকতে আহলে বাইত বাংলাদেশ কেন্দুয়া উপজেলা শাখা’ সংবাদ সম্মেলন করে তাদের আতঙ্কের কথা জানায়। সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল হালিম বলেন, ‘৩০ নভেম্বর রাত ৮টায় আলোচনা সভার পর রাত ১১টা থেকে লালন গানের আসর হওয়ার কথা ছিল। কিন্তু চিরাং বাজার মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু তাহের মিলকীর নেতৃত্বে ইসলাম ধর্মের অপব্যাখ্যা দিয়ে বাউলদের নামে কুৎসা রটিয়ে এই অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। ওই গোষ্ঠীর লোকজন বিচ্ছিন্নভাবে আমাদের বাউল অনুসারীদের ওপর নির্যাতন চালাচ্ছে।’
তবে আবু তাহের মিলকী তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘এটি সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা কথা। আমরা কাউকেই হুমকি দিইনি। শুধু প্রশাসনকে এই অনুষ্ঠান বন্ধ রাখতে বলেছিলাম। এইখানে ‘সালামের’ পরিবর্তে ‘জয়গুরু’ ও ইসলামের বিরুদ্ধে নানা কথা হয়, তাই এলাকার মানুষ বন্ধ রাখতে বলেছে। এর বেশি কিছু নয়। আর বাউলগান তো সবারই প্রাণের গান। এই গানগুলো তো অসাম্প্রদায়িক।’
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, এখানে তেমন কিছু হয়নি। দুই পক্ষের মধ্যে হয়তো কিছুটা ভুল-বোঝাবুঝি হচ্ছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কাল সোমবার দুই পক্ষকেই ডাকা হয়েছে। অনুষ্ঠানে ঝামেলার সৃষ্টি হতে পারে, তাই তা বন্ধ করার কথা বলা হয়েছিল।