বাউলদের বাবরি চুলসহ সবকিছুই মৌলবাদ ও সাম্প্রদায়িকতার মতো অশুভ বিষয় আর সামাজিক প্রথার বিরুদ্ধে প্রতিবাদের সমতুল্য। আর সেখানেই আঘাত হেনেছে হীনম্মন্য মৌলবাদীরা। তাদের এ আক্রমণ শুধু বাউলদের ওপর নয়, পুরো বাঙালি সংস্কৃতির ওপর। নারীনীতির পর বাউলদের ওপর মৌলবাদীদের এ হামলা প্রতিহত করার জন্য তাই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।রাজবাড়ীতে বাউল সাধকদের লাঞ্ছিত করার ঘটনায় গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত সংহতি সমাবেশে এ আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় পরিবার।‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী’ ব্যানারে এ সংহতি সমাবেশের আয়োজন করা হয়। ‘যার যার ধর্ম সেই সেই করে, তোমার বলা অকারণ’ স্লোগান সামনে রেখে সকাল থেকেই সমবেত হতে থাকেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বাউলদের ওপর হামলার বজ্রকণ্ঠ প্রতিবাদ জানিয়ে তাঁরা বলেন, অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে বিশ্বাসীরা ক্ষমতায় থাকাকালীন তাদের অনুসারীরাই যখন এ ধরনের সাম্প্রদায়িক কাজ করে, তখন দেশ কতটা এগিয়েছে তা নিয়ে প্রশ্ন ওঠে।সমাবেশে সংহতি জানিয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান বলেন, হামলাকারী যে দলেরই হোক না কেন, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তিনি প্রগতিশীলপতায় বিশ্বাসী সবাইকে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন গীতি আরা নাসরীন বলেন, বাঙালিরা সব সময়ই উদার চিন্তাভাবনা করে এসেছে। কিন্তু কিছুসংখ্যক মৌলবাদী ও ধর্মান্ধ এটাকে বাধাগ্রস্ত করতে চায়। এদের প্রতিহত করা সবারই দায়িত্ব। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক এ জে এম শফিউল আলম ভূঁইয়া বলেন, ধর্মান্ধরা সরকারি দলের ছত্রচ্ছায়ায় থেকে বাউলদের লাঞ্ছিত করেছে। অথচ এই সরকার নিজেকে ‘অসাম্প্রদায়িক’ বলে দাবি করে। এ ধরনের কর্মকাণ্ড গোটা জাতির জন্য দুঃখজনক।ড. কাবেরী গায়েন বলেন, চুল-দাড়ি রাখা বা পছন্দমতো পোশাক পরা যার যার ব্যক্তিগত ব্যাপার। এর ওপর আঘাত আসা স্বাধীন দেশে মেনে নেওয়া যায় না। সংস্কৃতির ওপর আঘাতকে মনুষত্ব ও মানবতার ওপর আঘাত বলে আখ্যা দেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক জোবাইদা নাসরীন।সংস্কৃতিকর্মী অরূপ রাহী বলেন, বাংলাদেশের শাসক শ্রেণীর ইতিহাস, বাউলদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার ইতিহাস। করপোরেট পুঁজির কাছে বিক্রি হয়ে যাওয়া উচ্চবর্গের কাছে আরজি না করে তাই নিম্নবর্গের মানুষকেই এক হতে হবে।সমাবেশে অন্যদের মধ্যে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক অহিদুজ্জামান, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক জিনাত হুদা ওয়াহিদ, ছাত্র ইউনিয়নের সভাপতি ফেরদৌস আহমেদ, ছাত্র ফেডারেশনের সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। এ ছাড়া সমাবেশে সংহতি জানায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জাসদ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদসহ বিভিন্ন সংগঠন। বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা সমাবেশে যোগ দেন। সমাবেশ থেকে পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।