নরসিংদী শহররক্ষা বাঁধ নির্মাণের জন্য বাউল ঠাকুর আখড়ার মেলার জায়গা দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বাউলদের বাড়িছাড়া করার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় আখড়ার তত্ত্বাবধায়ক প্রাণেশ কুমার বাউল গত বৃস্পতিবার সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বাউলদের সঙ্গে কথা বলে জানা যায়, নরসিংদী পৌর শহরের ছোট ব্রাহ্মণপাড়া মৌজার সিএস ও এসএ ১১৫৯ নম্বর দাগ এবং আরএস ৬৭৪৬ দাগের ১১০ শতাংশ জায়গার মালিক বাউলদের পূর্বপুরুষ রামদাস বাউল ঠাকুর। পরে আখড়ার বাড়িটি মনিন্দ্র চন্দ্র বাউল, যুগেন্দ্র বাউল ও সাধন চন্দ্র বাউলের নামে রেকর্ডভুক্ত হয়। ২০০৮ সালের শুরুর দিকে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জায়গাটির ওপর দিয়ে শহররক্ষা বাঁধ নির্মাণে উদ্যোগী হয়। তখন বাউলদের পক্ষ থেকে হাইকোর্টে রিট করা হয়। সেই সময় হাইকোর্টের একটি বেঞ্চ কাজের ওপর স্থায়ী স্থগিতাদেশ দেন।
গত ৫ জুন পাউবোপৌর মেয়রের সহযোগিতা নিয়ে আবার জায়গাটিতে ভরাট শুরু করে। হাইকোর্টের স্থায়ী নিষেধাজ্ঞার বিষয়টি নজরে আনা হলেও কেউ তা আমলে নেয়নি। পরে প্রাণেশ কুমার বাউল ১৮ জুন আবার হাইকোর্টে রিট করেন। রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি গোবিন্দ্র চন্দ্র ঠাকুরের বেঞ্চ ছয় মাসের জন্য আবার স্থগিতাদেশ দেন।
এরপর গেল বুধবার মেয়রের সমর্থকেরা আখড়ার কাছে সচেতন নাগরিক সমাজের ব্যানারে সমাবেশ করেন। সমাবেশ থেকে রিট প্রত্যাহারের কথা বলা হয়। অন্যথায় বাউল সম্প্রদায়ের লোকজনকে এলাকাছাড়া করার হুমকি দেওয়া হয়। এই অবস্থায় প্রাণেশ বাউল গত বৃস্পতিবার সদর মডেল থানায় জিডি করেন।
পাউবো সূত্র জানায়, ২০০৯-২০১১ অর্থবছরে ২২ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে নরসিংদী শহররক্ষা প্রকল্প বাস্তবায়ন করা হয়। বাউল ঠাকুরের মেলার স্থানটি নিয়ে উচ্চ আদালতের নির্দেশ থাকায় ২০০ মিটার জায়গা প্রকল্পের বাইরে রেখে কাজ করা হয়।
চলতি বছরের ২৪ মে থেকে নরসিংদী শহর সংরক্ষণ প্রকল্পের আওতায় ‘বাঁধ কাম রাস্তা’র কাজ শুরু হয়। ৬ কোটি ৮ লাখ ৮০ হাজার ২৩৯ টাকা ব্যয়ে ২ দশমিক ৩৪ কিলোমিটার বাঁধের কাজ হবে। বাউল আখড়ার স্থান প্রকল্পের বাইরে রাখা হয়েছে। কাজটি করছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স শামীম কনস্ট্রাকশন। প্রতিষ্ঠানের মালিক শহর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কামরুজ্জামানের ছোট ভাই জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম নেওয়াজ ভূইয়া।
রোববার গিয়ে দেখা যায়, বাউল আখড়ার মেলার জায়গায় এরই মধ্যে বালু ফেলা হয়েছে। প্রকল্প বাস্তবায়নের জন্য শহরের আরশীনগর থেকে ইউএমসি জুট মিল পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বাউল ঠাকুর আখড়ার তত্ত্বাবধায়ক প্রাণেশ কুমার বাউল বলেন, ‘আখড়া রক্ষায় আমরা হাইকোর্টে গেছি। আদালত ছয় মাসের স্থগিতাদেশ দিয়েছেন। এই কারণে মেয়র ও তাঁর অনুসারীরা আমাদের ওপর চটেছেন। মেয়র তাঁর অনুগতদের দিয়ে রীতিমত সভা করে রিট প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। প্রত্যাহার না করলে আমাদের এলাকাছাড়া করারও হুমকি দেওয়া হয়েছে। এই অবস্থায় জীবন ও আখড়া রক্ষা নিয়ে চরম উৎকণ্ঠার মধ্যে আছি।’
অভিযোগের বিষয়ে জানতে মুঠোফোনে একাধিকবার কল দিলেও ধরেননি পৌর মেয়র কামরুজ্জামান। তবে তিনি কয়েক দিন আগে স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘বাউল সম্প্রদায়ের লোকজন সব সময় স্থানীয় চাহিদা উপেক্ষা করে আসছেন। এসব নানা কারণে এলাকাবাসী তাঁদের প্রতি খুশি নন। শহররক্ষা বাঁধ হচ্ছে এখানকার মানুষকে রক্ষা করার জন্য। আদালতের আদেশ অমান্য করছেন না দাবি করে মেয়র বলেন, আদালত যে নির্দেশনা দিয়েছেন, সেটি মেনেই কাজ করা হবে। রিট প্রত্যাহারের হুমকির বিষয়ে মেয়রের মন্তব্য হলো, ‘এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’
গতকাল সোমবার সন্ধ্যায় শামীম নেওয়াজের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।
নরসিংদী পাউবোর নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী বাউল আখড়ার জায়গা বাদ রেখেই প্রকল্প বাস্তবায়ন করা হবে। বালু ফেলা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা ফেলিনি। কারা ফেলেছে জানা নেই।’
পুলিশ সুপার আমেনা বেগম সাংবাদিকদের বলেন, উচ্চ আদালতের নির্দেশনার কপি এরই মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। রায় অমান্য করে কাউকে কিছু করতে দেওয়া হবে না।